চট্টগ্রামে ১৭ বছর বয়সী শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে ভগ্নিপতি ফজলুল করিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক এস এম জিল্লুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। জানা গেছে, তিনি জামিনে গিয়ে বর্তমানে পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ৩১ অক্টোবর চান্দগাঁও থানার খাজা রোড এলাকায় ভুক্তভোগী কিশোরীকে ফুচকা খাওয়ানোর কথা বলে ডেকে নেন তার ভগ্নিপতি ফজলুল করিম। পরে তাকে অপহরণ করে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার পর ভুক্তভোগীর বাবা মো. আলী বাবুল বাদী হয়ে চান্দগাঁও থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. আকবর আলী জানান, ৫ জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই ঘটনায় অপর ধারায় তাকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।