মালয়েশিয়া সরকারের উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় ১৮ ঘণ্টার সংক্ষিপ্ত মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের উদ্দেশে রওনা হওয়ার পর এক বার্তায় এই কৃতজ্ঞতা জানান।
মঙ্গলবার (২৩ জুন) প্রধানমন্ত্রীর বার্তাটি প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বার্তায় তিনি বলেন, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রী ড. ওয়ান আজিজা বিনতি ওয়ান ইসমাইলের উষ্ণ অভ্যর্থনায় গভীরভাবে অভিভূত হয়েছেন।
তারেক রহমান উল্লেখ করেন, মালয়েশিয়া সরকার ও দেশটির জনগণের আন্তরিকতা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অনুষ্ঠিত আলোচনা বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে।
বার্তায় তিনি দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্কের কথাও স্মরণ করেন। তিনি বলেন, তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় থেকে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে।
এছাড়া মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনি সুলতান ইস্কান্দারের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক সহযোগিতাকে অত্যন্ত গুরুত্ব দেয়। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ভিত্তিকে আরও শক্তিশালী করেছে।
মালয়েশিয়ায় তার প্রথম সরকারি সফরের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, ভবিষ্যতে দুই দেশের বহুমুখী অংশীদারত্ব আরও সম্প্রসারণে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে তিনি আগ্রহী।