ঢাকা, ২৪ জুন: রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে প্রস্তাবিত ‘দ্বিতীয় পদ্মা সেতু’ নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষার জন্য ৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (২৪ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে সংসদ সদস্য নুরুন্নিসা সিদ্দীকার এক প্রশ্নের লিখিত জবাবে অর্থমন্ত্রী এ তথ্য তুলে ধরেন।
অর্থমন্ত্রী বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পটি বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প। সেতু বিভাগের আওতাধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীনে বর্তমানে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।
তিনি জানান, ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) প্রকল্পটির জন্য সরাসরি কোনো বরাদ্দ না থাকলেও সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিজস্ব বাজেট থেকে ৪ কোটি ৫০ লাখ টাকা সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি প্রকল্পটিকে এডিপির অননুমোদিত নতুন প্রকল্পের তালিকায় (সবুজ পাতা) অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।
অর্থমন্ত্রী আরও বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ও অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে দ্বিতীয় পদ্মা সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্ভাব্যতা সমীক্ষা শেষ হওয়ার পর প্রকল্প বাস্তবায়নের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সরকারের অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে দ্বিতীয় পদ্মা সেতু অন্যতম বলে উল্লেখ করেন তিনি।