দেশের মসজিদ ও মাদ্রাসায় সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ও মিটিং নিষিদ্ধে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন কুষ্টিয়া-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রেজা আহাম্মেদ।
সোমবার (২২ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১২তম দিনে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি তোলেন। বিকেল ৩টায় স্পিকার হাফিজ আহমদ-এর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
সংসদে বক্তব্য রাখতে গিয়ে রেজা আহাম্মেদ বলেন, মসজিদ আল্লাহর ঘর, সেখানে নামাজ ও কোরআন তেলাওয়াতের মতো ধর্মীয় কার্যক্রম হওয়া উচিত। কিন্তু কিছু রাজনৈতিক দল মসজিদে গিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইন পাস করে মসজিদ ও মাদ্রাসায় রাজনৈতিক মিটিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হোক।
এছাড়া তিনি আরও বলেন, প্রকাশ্যে মাঠ, স্কুল বা হলরুমে যেভাবে রাজনৈতিক দলগুলো সভা-সমাবেশ করে, মসজিদেও একই ধরনের কার্যক্রম করা উচিত নয়। এ বিষয়ে সবাই একমত কি না, তা তিনি নিশ্চিত নন বলেও মন্তব্য করেন।