লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ-এর বিশেষ কনসার্ট। এই আয়োজনে উপস্থাপকের দায়িত্বে থাকবেন একসময় গান ও উপস্থাপনায় শ্রোতাদের মুগ্ধ করা কণ্ঠশিল্পী ও উপস্থাপিকা সামা মেহজাবিন রিনতি।
আগামী ১৯ জুলাই যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া ‘বাংলা ফেস্ট অ্যান্ড অ্যাওয়ার্ড ইউকে’ শীর্ষক এই আয়োজনে প্রথমবারের মতো পারফর্ম করবে ওয়ারফেজ। তাদের সঙ্গে মঞ্চে থাকবেন জনপ্রিয় শিল্পী জেফার, মুযা এবং বাপ্পীও।
এ কনসার্টে রিনতির সহ-উপস্থাপক হিসেবে থাকবেন রাফসান সাবাব। দীর্ঘ বিরতির পর বড় কোনো সংগীত আয়োজনে উপস্থাপনায় ফিরছেন তিনি।
লন্ডনে বসবাস করলেও রিনতি জানিয়েছেন, তিনি এখনো নানা ধরনের মিডিয়া ও উপস্থাপনার কাজের সঙ্গে যুক্ত আছেন। পাশাপাশি তিনি লাইফস্টাইল ভ্লগিংও করছেন। বাঙালি কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি উপস্থাপনাও করছেন নিয়মিত।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিদেশে থাকলেও দেশের সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের সঙ্গে তার সম্পর্ক আগের মতোই আছে। সুযোগ পেলে আবারও নিয়মিতভাবে কাজে ফেরার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।
২০১০ সালে প্রকাশিত ‘হৃদয় মিক্স ২’ অ্যালবামের মাধ্যমে সংগীতাঙ্গনে পরিচিতি পান রিনতি। পরে টেলিভিশন উপস্থাপনায় দীর্ঘদিন সক্রিয় ছিলেন তিনি। বিশেষ করে নাটক ‘টু মাচ লাভ’-এ ব্যবহৃত তার গাওয়া গান ‘বৃষ্টি হয়ে নামব’ তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।
বর্তমানে তিনি উদ্যোক্তা হিসেবেও কাজ করছেন। ‘হেয়ার ফান বাই মেহজাবিন রিনতি’ নামে তার একটি প্রতিষ্ঠান রয়েছে, যা বাংলাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও পরিচিতি পেয়েছে।