আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমলেও দেশে এখনো আন্তর্জাতিক মূল্যের তুলনায় কম দামে জ্বালানি তেল বিক্রি করায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বিপুল লোকসানের মুখে পড়েছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে ইরান এবং আমেরিকা-ইসরায়েলের মধ্যে যুদ্ধের কারণে গত মার্চ থেকে ১১ জুন পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) মোট ১৭ হাজার ৩৯ কোটি ৫৬ লাখ টাকা লোকসান হয়েছে।
সোমবার (২২ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আব্দুল খালেকের প্রশ্নের জবাবে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।
জ্বালানিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে মে মাস থেকে জ্বালানি তেলের দাম কমতে শুরু করলেও দেশের বাজারে মূল্য এখনো তুলনামূলক কম রাখা হয়েছে। জুন মাসে প্রতি লিটার ডিজেলের কস্টিং ছিল ১৭৫ টাকা ২২ পয়সা এবং অকটেনের কস্টিং ১৬০ টাকা ৭০ পয়সা। তবে জনস্বার্থে ডিজেলের দাম বাড়ানো হয়নি। অন্যদিকে অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ৫ টাকা করে বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরও জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য এখনো ব্রেক-ইভেন পর্যায়ের ওপরে থাকায় ডিজেল, অকটেন ও পেট্রল বিক্রিতে বিপিসিকে প্রতিদিন প্রায় ৭৮ কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে। লোকসান সত্ত্বেও বিপিসি নিজস্ব তহবিল ব্যবহার করে গত তিন মাস ধরে জ্বালানি তেল আমদানি কার্যক্রম সচল রেখেছে।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও সহনীয় পর্যায়ে নেমে এলে দেশের বাজারেও জ্বালানি তেলের মূল্য কমানোর বিষয়টি সরকার বিবেচনা করবে।
চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহাজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের সব কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র ইতোমধ্যে অবসরে পাঠানো হয়েছে। ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে সরবরাহের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিনের প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ বলেন, এলপিজির সহজলভ্যতা এবং গ্যাসের ঘাটতির কারণে আপাতত নতুন আবাসিক গ্যাস সংযোগ দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। ২০২৫ সালের ২৩ জুলাই জারি করা এক পরিপত্রের মাধ্যমে আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি খাতে নতুন গ্যাস সংযোগ স্থগিত রাখা হয়েছে।
মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. তাজউদ্দীন খানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। বিপরীতে ২০২৫-২৬ অর্থবছরে গড় সরবরাহ হচ্ছে প্রায় ২ হাজার ৬৫৪ মিলিয়ন ঘনফুট। ফলে প্রতিদিন প্রায় ১ হাজার ১৪৬ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে।
সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে বিদ্যুৎ আমদানি ও অন-গ্রিড নবায়নযোগ্য জ্বালানিসহ মোট ১৩৭টি বিদ্যুৎকেন্দ্র চালু রয়েছে। এসব কেন্দ্রের মোট উৎপাদন সক্ষমতা ২৯ হাজার ৫৯৩ মেগাওয়াট, যা দেশের বর্তমান চাহিদা পূরণে যথেষ্ট।
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী জানান, বিপিসি ও এর অধীনস্থ বিপণন কোম্পানিগুলোর বিরুদ্ধে বর্তমানে ১ হাজার ৪০৯টি অডিট আপত্তি রয়েছে। এসব আপত্তির আর্থিক পরিমাণ প্রায় ১ লাখ ১৬ হাজার ২৩৩ কোটি টাকা। তিনি বলেন, বিপিসির প্রধান কার্যালয় ঢাকায় স্থানান্তর করা হলে অডিট কার্যক্রম আরও কার্যকর হবে এবং অনিয়ম প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখবে।