দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন কমিশন গঠনে চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য ৫ সদস্যের একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২২ জুন) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপন অনুযায়ী, আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে সার্চ কমিটির সভাপতি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন— হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিব।
এতে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭ অনুযায়ী কমিশনার পদে নিয়োগের জন্য সুপারিশ প্রদানের উদ্দেশ্যে এ সার্চ কমিটি গঠন করা হয়েছে। আইন অনুযায়ী, দুদকের চেয়ারম্যান ও কমিশনারের প্রতিটি শূন্য পদের বিপরীতে ন্যূনতম দুজন করে প্রার্থীর নামের তালিকা প্রস্তুত করে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে কমিটি। পরবর্তীতে রাষ্ট্রপতি ওই তালিকা থেকে চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেবেন।
চলতি বছরের ৩ মার্চ দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ একযোগে পদত্যাগপত্র জমা দেন।
২০০৪ সালে স্বাধীন কমিশন হিসেবে যাত্রা শুরুর পর এ পর্যন্ত সাতটি কমিশন দায়িত্ব পালন করেছে। এর মধ্যে চারটি কমিশন মেয়াদ পূর্ণ হওয়ার আগেই বিদায় নেয়। তবে সাড়ে তিন মাসের বেশি সময় ধরে কমিশনের শীর্ষ পদগুলো সম্পূর্ণ শূন্য থাকার ঘটনা এবারই প্রথম।
দীর্ঘদিনের এই স্থবিরতা কাটাতে অবশেষে ৫ সদস্যের সার্চ কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন এ কমিটি চেয়ারম্যান ও দুই কমিশনার পদের জন্য মোট ৬ জনের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। সেখান থেকেই চূড়ান্ত করা হবে দুদকের নতুন তিন সদস্যের কমিশন।