বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের নতুন কোচিং প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৮ যুব বিশ্বকাপকে সামনে রেখে গঠিত এই নতুন প্যানেলে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক ওপেনার ও নির্বাচক হান্নান সরকার। আর মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ।
সোমবার (২২ জুন) এক সংবাদ সম্মেলনে পুরো কোচিং স্ট্রাকচার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আন্তর্জাতিক ক্রিকেট ও ঘরোয়া ক্রিকেট থেকে ধীরে ধীরে সরে আসার পর এবার নতুন ভূমিকায় দেখা যাবে মাহমুদউল্লাহ রিয়াদকে। তিনি শুধু অনূর্ধ্ব-১৯ দলেই নয়, গেম ডেভেলপমেন্ট ইউনিটের বিভিন্ন পর্যায়েও মেন্টর হিসেবে কাজ করবেন। এছাড়া এইচপি (উচ্চ কর্মক্ষমতা) ইউনিটের আসন্ন অস্ট্রেলিয়া সফরেও তাকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
দীর্ঘদিন নির্বাচক প্যানেলে থাকার পর আবারও কোচিংয়ে ফিরলেন হান্নান সরকার। বিসিবি জানিয়েছে, যুব দলের কার্যক্রম চলাকালীন তাকে পুরোপুরি অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্বেই মনোযোগ দিতে হবে।
নতুন প্যানেলে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমরুল কায়েস। ফিল্ডিং কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ সেলিম। পেস বোলিং কোচ ডলার মাহমুদ এবং স্পিন বোলিং কোচ আরশাদ খান। ট্রেনার হিসেবে যুক্ত হয়েছেন মোরশেদ সিজার।
নতুন দায়িত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে হান্নান সরকার বলেন, নির্বাচক প্যানেল থেকে দীর্ঘ বিরতির পর কোচিংয়ে ফিরে আসা তার জন্য একটি নতুন অধ্যায়। স্থানীয় কোচদের সুযোগ বাড়ানোয় তিনি ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বলেও মন্তব্য করেন।
২০২৮ যুব বিশ্বকাপকে সামনে রেখে এই নতুন কোচিং কাঠামোকে বাংলাদেশের যুব ক্রিকেট উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।