নকআউট পর্বে চোখ রেখে মুখোমুখি আর্জেন্টিনা-অস্ট্রিয়া

সফিকুল হাসান সোহেল

খেলা

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত অস্ট্রিয়া। উড়ন্ত শুরু পাওয়া আর্জেন্টিনা ও অস্ট্রিয়া মুখোমুখি হওয়ার অপেক্ষায়।

2026-06-22T10:51:51+00:00
2026-06-22T10:51:51+00:00
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
খেলা
নকআউট পর্বে চোখ রেখে মুখোমুখি আর্জেন্টিনা-অস্ট্রিয়া
সফিকুল হাসান সোহেল
সোমবার, ২২ জুন, ২০২৬, ১০:৫১ এএম 
সংগৃহীত ছবি
বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত অস্ট্রিয়া। উড়ন্ত শুরু পাওয়া আর্জেন্টিনা ও অস্ট্রিয়া মুখোমুখি হওয়ার অপেক্ষায়। দুই দলের সামনে, উত্তর আমেরিকা বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার হাতছানি। এই ম্যাচটি আবার হয়ে উঠতে পারে, ‘জে’ গ্রুপে সেরা হওয়ার লড়াইও। অনুমিতভাবে এগিয়ে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ছেড়ে কথা বলবে না অস্ট্রিয়াও। ডালাসের ম্যাচ ঘিরে তাই বাজছে ‘যুদ্ধে’র ডামাডোল।

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। এই ম্যাচে আলবিসেলেস্তারা ফেভারিট হলেও বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত রাল্ফ রাংনিকের শিষ্যরা। আজ ডালাসে রাত ১১টায় শুরু হবে ম্যাচটি। 

প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে আর্জেন্টিনা। সেই ম্যাচে হ্যাটট্রিক করে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ৩৯ বছর বয়সী মেসি। অন্যদিকে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছে অস্ট্রিয়াও।

ফলে দুই দলের লড়াইকে ঘিরে বাড়ছে উত্তেজনা। অস্ট্রিয়ার অন্যতম তারকা কনরাড লাইমার প্রতিপক্ষকে যথাযথ সম্মান দিলেও হার মানার মানসিকতা নিয়ে মাঠে নামতে রাজি নন। 

ফিফার ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন, তাই তারাই বর্তমানে বিশ্বের সেরা দল। আর মেসি হচ্ছে ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড়। তারা অনেক মানসম্পন্ন এবং বিশেষ একটি দল। অবশ্যই আমরা আমাদের সামর্থ্য দেখাতে চাই।

তবে এই ম্যাচকে নিজেদের শক্তি যাচাইয়ের বড় সুযোগ হিসেবেও দেখছেন বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার। 

তিনি বলেন, তার (মেসি) মতো মাপের ফুটবলারের মুখোমুখি হওয়া এবং নিজেদের শক্তি যাচাই করা সবসময়ই দারুণ ব্যাপার। কারণ এতে বোঝা যায় আমরা কোথায় দাঁড়িয়ে আছি। গ্রুপপর্ব পার হতে হলে বাকি দুই ম্যাচও আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ।

কোচ রাল্ফ রাংনিকের অধীনে অস্ট্রিয়ার সবচেয়ে বড় শক্তি দলগত ঐক্য বলেও মনে করেন লাইমার। তার ভাষায়, আমাদের এই দলের মূল শক্তি হলো আমরা সত্যিকারের একটি দল। সবাই জাতীয় দলের হয়ে জিততে চায় এবং ভালো ফুটবল খেলতে চায়, যা মাঠে স্পষ্ট দেখা যায়। আমরা এখন দারুণ ছন্দে আছি।

অন্যদিকে আর্জেন্টিনা জানে, এই ম্যাচে জয় পেলে প্রায় নিশ্চিত হয়ে যাবে শেষ ৩২-এর টিকিট। মেসির হ্যাটট্রিকের পর আত্মবিশ্বাসে টগবগ করছে লিওনেল স্কালোনির দল। 

তবে অস্ট্রিয়া স্পষ্ট করে দিয়েছে, তারা শুধু ম্যাচ খেলতে নয়, বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে অঘটন ঘটাতেই মাঠে নামবে। কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা অস্ট্রিয়ার বিপক্ষে নামবে গ্রুপ পর্বের শীর্ষস্থান আর আগেভাগে নকআউটের টিকিট নিশ্চিত করার লক্ষ্য নিয়ে। প্রতিপক্ষের জালে তিন গোল দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে আর্জেন্টিনা। 

অস্ট্রিয়াও কম যায় না, জর্ডানের জালেও তারা তিনবার বল প্রবেশ করিয়েছে। গ্রুপপর্বে দ্বিতীয় ম্যাচে এই দুই দলের মহারণের সবটা প্রস্তুত। প্রশ্ন হচ্ছে, অস্ট্রিয়া কি কোন অঘটন ঘটাবে, নাকি আর্জেন্টিনা তুলে নেবে সহজ জয়?

কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা অস্ট্রিয়ার বিপক্ষে নামবে গ্রুপ পর্বের শীর্ষস্থান আর আগেভাগে নক-আউটের টিকিট নিশ্চিত করার লক্ষ্য নিয়ে। আর্জেন্টিনা চায় নিজেদের একক আধিপত্য বজায় রেখে নকআউটে পা রাখতে। অন্যদিকে, দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা অস্ট্রিয়ার লক্ষ্য আলবিসেলেস্তেদের রুখে দিয়ে নিজেদের ইতিহাসে নতুন গল্প লেখার। 

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় মিরোস্লাভ ক্লোসাকে স্পর্শ করা মেসির প্রতি এই ম্যাচেও  আলাদা আশা থাকবে দলের। তাছাড়া, তরুণ এঞ্জো ফার্নান্দেজ, জুলিয়ান আলভারেজদের পাশাপাশি অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারদের রুখতে আলাদা করে পরিকল্পনা সাজাতে হবে অস্ট্রিয়াকে। 

জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসী অস্ট্রিয়া। তাদের শক্তি বায়ার্ন মিউনিখের ভার্সেটাইল ফুটবলার কনরাড লাইমার এবং রিয়াল মাদ্রিদের ডেভিড আলাবার মতো ইউরোপীয়জয়ীরা। তবে আলজেরিয়া, আইসল্যান্ড ও জাম্বিয়ার বিপক্ষে টানা ক্লিনশিট রাখা আর্জেন্টিনার রক্ষণ ভেঙে গোল করা তাদের আক্রমণের জন্য যে বেশ কঠিন কাজ হবে তা অস্বীকার করা যায় না।

শিরোপা ধরে রাখার মিশনে সাম্প্রতিক সময়ে ভালো খেলে আসছে আর্জেন্টিনা। রক্ষণ থেকে শুরু করে আক্রমণভাগ পর্যন্ত প্রতিটা পজিশনেই তাদের হাতে আছে দক্ষ সব খেলোয়াড়। অন্যদিকে অস্ট্রিয়া বিশ্বকাপ খেলছে বড় স্বপ্ন চোখে নিয়ে। এই দুই দলের লড়াইয়ে কে বিজয়ী হয় সেটা এখন সময়ই বলে দেবে।

এদিকে মাঠে নামার আগে দুঃসংবাদ পেয়েছে লা আলবিসেলেস্তেরা। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় ম্যাচটিতে খেলতে পারবেন না রাইট ব্যাক গনসালো মন্তিয়েল। তার অনুপস্থিতিতে শুরুর একাদশে দেখা যেতে পারে নাউয়েল মোলিনাকে-এমনটাই জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের একাদেশ ছিলেন মন্তিয়েল। চোটের কারণে বৃহস্পতিবার দলের সঙ্গে পূর্ণ অনুশীলন করতে পারেননি তিনি। পরীক্ষায় তার ডান হ্যামস্ট্রিংয়ে সমস্যা ধরা পড়েছে। স্বস্তির কথা হলো, মন্তিয়েলের চোট খুব বেশি গুরুতর নয়। 

এরপরও ঝুঁকি এড়াতেই অস্ট্রিয়ার বিপক্ষে তাকে মাঠে নামাতে চান না লিওনেল স্কালোনি। এই ডিফেন্ডারের অনুপস্থিতিতে আলজেরিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে খেলা মলিনাই অস্ট্রিয়া ম্যাচে খেলার দৌঁড়ে এগিয়ে আছেন।

বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দেওয়ার আগেও চোট ছিল মন্তিয়েলের। প্রতিবেদনে দাবি করা হয়েছে, বর্তমান চোটের সঙ্গে সেটার কোনো সম্পর্ক নেই। এর আগে রিভার প্লেটের হয়ে অ্যাপার্তুরা টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার সময় অন্য পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মন্তিয়েল। সেই চোটের কারণে বেলগ্রানোর বিপক্ষে ফাইনাল খেলতে পারেনি ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার। ফলে দুই দলের লড়াইকে ঘিরে বাড়ছে উত্তেজনা।

মেসি ছাড়াও যেখানে গোলরক্ষক হিসেবে আছেন এমিলিয়ানো মার্টিনেজ, রক্ষণে রোমেরো-লিসান্দ্রো মার্টিনেজ জুটি এবং সাথে আছেন এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ। রক্ষণভাগের এই ভারসাম্য আর্জেন্টিনাকে ধারাবাহিকভাবে খেলা নিয়ন্ত্রণ করতে এবং প্রতিপক্ষের ওপর অবিরাম চাপ সৃষ্টি করতে সাহায্য করে।

আলজেরিয়ার চেয়ে অস্ট্রিয়া অনেক কঠিন প্রতিপক্ষ হবে বলে ধারণা করা হচ্ছে। কোচ রাল্ফ রাংনিকের তত্ত্বাবধানে অস্ট্রিয়া ইউরোপের অন্যতম আধুনিক ও উদ্যমী একটি দল।

অস্ট্রিয়ার সবচেয়ে বড় শক্তি হলো তাদের তীব্র চাপ প্রয়োগের কৌশল, দ্রুত আক্রমণ-পাল্টা আক্রমণ এবং প্রচণ্ড লড়াকু মনোভাব। মার্সেল সাবিৎজার, কনরাড লাইমার এবং ক্রিস্টোফ বাউমগার্টনারের মতো খেলোয়াড়রা এই কৌশলের মূল চালিকাশক্তি। 

অন্যদিকে, ডেভিড আলাবার প্রত্যাবর্তন রক্ষণভাগে অভিজ্ঞতা ও স্থিরতা এনেছে, যা অস্ট্রিয়াকে এক অপ্রতিরোধ্য প্রতিপক্ষ হিসেবে গড়ে তুলেছে। এর আগে তারা কেবল একবারই মুখোমুখি হয়েছিল এবং ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। 

যদিও তিন দশকেরও বেশি সময় আগের ঘটনা হওয়ায় এই ফলাফলটি ম্যাচের কৌশলগত দিকগুলো সম্পর্কে খুব বেশি ধারণা দেয় না, তবুও এটি দেখায় যে আন্তর্জাতিক মঞ্চে এই জুটি তুলনামূলকভাবে নতুন এবং ২০২৬ বিশ্বকাপে তাদের ফিরতি ম্যাচটি অপ্রত্যাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

কৌশলগতভাবে, দুটি ভিন্ন শৈলীর মধ্যে এটি একটি আকর্ষণীয় লড়াই হবে। অস্ট্রিয়া প্রতিপক্ষের অর্ধে চাপ প্রয়োগ করে আর্জেন্টিনার বল বণ্টন সীমিত করার চেষ্টা করবে। 

তবে, তারা যদি তাদের ফরমেশন খুব বেশি উপরে তুলে ফেলে, তাহলে মেসি, আলভারেজ বা লাউতারো মার্টিনেজের কাজে লাগানোর মতো ফাঁক তৈরি হওয়ার ঝুঁকিও থাকবে। 

আর্জেন্টিনার মতো চাপ সামলানোর ক্ষেত্রে অভিজ্ঞ ও দক্ষ একটি দলের বিপক্ষে যেকোনো ভুলই মারাত্মক হতে পারে। অস্ট্রিয়া ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছে। 

এই দুই দলের লড়াইয়ের ফাঁকে শিরোনামে, আলজেরিয়া ম্যাচে মেসির করা সেই ফাউলের কান্ডও। আলজেরিয়া অধিনায়ক আইসা মান্দিকে পেছন থেকে ফাউল করেছিলেন আর্জেন্টিনা অধিনায়ক, কিন্তু রেফারি কোনো কার্ড দেখাননি। 

এ নিয়ে ফিফার কাছে নালিশ করেছে আলজেরিয়া। এই ইস্যুতে আর্জেন্টিনা অবশ্য প্রকাশ্যে এখনও বলেনি কিছু। শিরোপাধারীদের দৃষ্টি যে, এ মুহূর্তে শেষ বত্রিশের মঞ্চে ওঠা নিশ্চিত করার দিকে।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: