পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি জানিয়েছেন, আন্তঃসীমান্ত নদীর পানিবণ্টন সংক্রান্ত চুক্তি ও সমঝোতাগুলো সরকার পর্যালোচনা করছে। বিষয়টি সরকার নির্বাচনী ইশতেহারেও অন্তর্ভুক্ত করেছে বলে তিনি উল্লেখ করেন।
রোববার (২১ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, আন্তঃসীমান্ত নদীর পানিবণ্টন বিষয়ে বিদ্যমান চুক্তি ও সমঝোতা পর্যালোচনা করে নতুন চুক্তি স্বাক্ষর, যৌথ নদী কমিশনকে আরও শক্তিশালী করা এবং অববাহিকাভুক্ত দেশ ভারত, নেপাল, ভুটান ও চীনের সঙ্গে সমন্বিত নদী ব্যবস্থাপনা গড়ে তোলার বিষয়ে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, উজানের দেশগুলোতে অবকাঠামো নির্মাণের কারণে শুকনো মৌসুমে বাংলাদেশের পানিপ্রবাহ হ্রাস পাওয়ার বিষয়টি অস্বীকার করার সুযোগ নেই। পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক কারণে উজানে পানির প্রাপ্যতাও কমে যাচ্ছে।
কুমিল্লা-৯ আসনের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় চলমান প্রকল্পের মাধ্যমে চলতি বছরের জুন পর্যন্ত ৩৬৬ কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে।
জামায়াতে ইসলামীর নুরুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় স্বার্থে পদ্মা ব্যারাজ প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দেশের পানি সম্পদ, কৃষি, মৎস্য, পরিবেশ এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। প্রকল্পটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে যাচাই-বাছাই শেষে অনুমোদন দেওয়া হয়েছে এবং বাস্তবায়নে বিশেষজ্ঞ পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে।
নওগাঁ-৩ আসনের ফজলে হুদার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে মোট ৯ হাজার ৪৬ কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে।
স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ২০২৪-২৫ অর্থবছরের হিসাব অনুযায়ী দেশে বর্তমানে জনপ্রতি দৈনিক মাছের চাহিদা ৬০ গ্রাম। সে হিসেবে বছরে মোট চাহিদা দাঁড়ায় ৩৮ দশমিক ৯ লাখ মেট্রিক টন।
এর বিপরীতে দেশে মোট মাছ উৎপাদন হচ্ছে ৫১ দশমিক ১১ লাখ মেট্রিক টন, যা চাহিদার তুলনায় বেশি। ফলে দেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ।
তিনি আরও জানান, বিভিন্ন দেশ থেকে মাছ আমদানি অব্যাহত রয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে ৪৮১ কোটি টাকার ৬৬ হাজার ৬৪৯ মেট্রিক টন এবং ২০২৪-২৫ অর্থবছরে ৪৭৫ কোটি টাকার ৫৫ হাজার ৫৪ মেট্রিক টন মাছ আমদানি করা হয়েছে।
পাবনা-৫ আসনের মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে নিবন্ধিত জেলের সংখ্যা বর্তমানে ১৮ লাখ ৩ হাজার ৫৬৫ জন।