সম্প্রতি কন্যা সন্তানের মা হওয়ার খবর প্রকাশ করে আলোচনায় আসেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই এবার বধূবেশে নতুন লুকে হাজির হয়ে ভক্তদের নজর কাড়লেন তিনি।
শনিবার (২০ জুন) নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেন বুবলী। ছবিগুলোতে তাকে বিয়ের সাজে দেখা গেলেও এটি কোনো ব্যক্তিগত আয়োজন নয়। জানা গেছে, একটি প্রতিষ্ঠানের প্রচারণামূলক ফটোশুটের অংশ হিসেবে এই বধূবেশে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী।
প্রকাশিত ছবিতে বুবলীকে বেগুনি রঙের নকশাখচিত জমকালো লেহেঙ্গায় দেখা যায়। এর সঙ্গে ছিল সাদা পাথরের অলংকার, কপালে কালো পাথরের টিকলি এবং আকর্ষণীয় মেকআপ। পুরো সাজে রাজকীয় আবহ ফুটে ওঠে, যা ভক্তদের প্রশংসা কুড়িয়েছে।
ছবিগুলোর ক্যাপশনে বেগুনি রঙের প্রতি নিজের ভালোবাসার কথা তুলে ধরেন বুবলী। তিনি লিখেছেন, অন্য সব রং তো কেবলই রং, কিন্তু বেগুনি রঙের ভেতরে যেন আলাদা প্রাণ আছে।
ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের মন্তব্যে সরব হয়ে ওঠে পোস্টটি। অনেকেই তার সৌন্দর্য ও স্টাইলের প্রশংসা করেন। কেউ লিখেছেন, বেগুনি রঙে আপনাকে অসাধারণ লাগছে, আবার কেউ মন্তব্য করেছেন, একদম রাজকন্যার মতো দেখাচ্ছে।
তবে প্রশংসার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহল প্রকাশ করেছেন অনেক অনুসারী। সম্প্রতি জন্ম নেওয়া কন্যাসন্তান শারলিন খানের ছবি দেখার আগ্রহ জানিয়েছেন তারা। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।
উল্লেখ্য, কয়েকদিন আগে বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তার ও চিত্রনায়ক শাকিব খান-এর সংসারে দ্বিতীয় সন্তানের আগমন ঘটেছে। নবজাতকের নাম রাখা হয়েছে শারলিন খান। খবরটি প্রকাশের পর থেকেই শোবিজ অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়।
এদিকে অভিনয় ক্যারিয়ারেও ব্যস্ত সময় পার করছেন বুবলী। সর্বশেষ ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত পিনিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল। এতে তার বিপরীতে ছিলেন আদর আজাদ। যদিও মুক্তির পর সিনেমাটি প্রত্যাশিত সাড়া পায়নি।
ব্যক্তিগত জীবন, অভিনয় ও ফ্যাশন—সব মিলিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা বুবলীর নতুন বধূবেশের ছবিগুলোও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।