বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যেখানে জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের সদস্যদের পোশাকে গাঢ় নীল শার্ট এবং খাকি ট্রাউজার নির্ধারণ করা হয়েছে। তবে মহানগর পুলিশের ক্ষেত্রে শার্টের রং হবে লাইট অলিভ।
বৃহস্পতিবার (১৮ জুন) এ প্রজ্ঞাপন জারি করা হয়। পুলিশ আইন, ১৮৬১-এর ১২ ধারার ক্ষমতাবলে বাংলাদেশ পুলিশ-এর মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির সংশোধিত এ প্রজ্ঞাপন অনুমোদন করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পূর্বে ব্যবহৃত আয়রন রঙের শার্টের পরিবর্তে জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটে গাঢ় নীল রঙের টিসি কাপড়ের শার্ট চালু করা হয়েছে। মহানগর পুলিশের সদস্যরা লাইট অলিভ রঙের শার্ট পরবেন। একইভাবে কফি রঙের ট্রাউজারের পরিবর্তে সব ইউনিটে খাকি ট্রাউজার নির্ধারণ করা হয়েছে।
সংশোধনী অনুযায়ী, জ্যাকেট, জার্সি, কার্ডিগান ও পুলওভারের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে জেলা পুলিশে এসব পোশাক গাঢ় নীল রঙের হবে, আর মহানগর পুলিশের ক্ষেত্রে হবে লাইট অলিভ রঙের।
নারী পুলিশ সদস্যদের পোশাকেও পরিবর্তন এসেছে। জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিশেষায়িত ইউনিট, স্পেশাল ব্রাঞ্চ, সিআইডি ও র্যাব ছাড়া অন্যান্য ইউনিটের নারী সদস্যরা গাঢ় নীল শাড়ি ও ব্লাউজ পরবেন। মহানগর পুলিশের নারী সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ির সঙ্গে লাইট অলিভ ব্লাউজ নির্ধারণ করা হয়েছে। হেড কভারও গাঢ় নীল রঙের হতে হবে।
নতুন বিধিমালায় গ্রীষ্মকালে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণহাতা শার্ট পরার আগের নিয়ম বহাল রাখা হয়েছে। পাশাপাশি গর্ভবতী নারী পুলিশ সদস্যরা ইউনিট প্রধানের অনুমতি সাপেক্ষে সাধারণ পোশাক পরতে পারবেন।