বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যকার কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও গভীর ও স্থায়ী রূপ দিতে এবার আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে ‘বাংলাদেশ’ নামে একটি সড়কের নামকরণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসার সৌজন্য সাক্ষাতে এই গুরুত্বপূর্ণ প্রস্তাবটি উত্থাপন করা হয়। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও বহুমাত্রিক করার নানা দিক নিয়ে খোলামেলা আলোচনা হয়।
বৈঠকে সংস্কৃতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে আর্জেন্টিনার সঙ্গে সম্পর্ককে আরও শক্তিশালী করতে চায়। তিনি জানান, দুই দেশের মধ্যে এখনো কোনো আনুষ্ঠানিক সাংস্কৃতিক চুক্তি নেই, যা দ্রুত চূড়ান্ত করা জরুরি।
বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো সাংস্কৃতিক সহযোগিতা চুক্তির খসড়া দ্রুত বাস্তবায়নের ওপরও তিনি গুরুত্ব দেন। এই চুক্তির মাধ্যমে দুই দেশের শিল্প, সাহিত্য ও ঐতিহ্য বিনিময়ের নতুন দ্বার খুলবে বলে আশা করা হচ্ছে।
দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃশ্যমান ও স্থায়ী করতে বুয়েনস আয়ার্সে ‘বাংলাদেশ’ নামে সড়ক নামকরণের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হয়।
এছাড়া বাংলাদেশের ঐতিহ্যবাহী উদ্ভিদ আর্জেন্টিনায় রোপণের একটি পরিবেশবান্ধব উদ্যোগ নিয়েও আলোচনা হয়, যা দুই দেশের জলবায়ু ও পরিবেশগত সামঞ্জস্যকে কাজে লাগিয়ে সবুজ সহযোগিতার নতুন দিগন্ত খুলতে পারে।
রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা জানান, চলমান ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে আর্জেন্টিনা থেকে চারজন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ব্লগার বাংলাদেশ সফরে আসবেন।
তারা বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দলের ভক্তদের উচ্ছ্বাস, আবেগ ও সংস্কৃতি নিয়ে ভ্লগ তৈরি করবেন, যা আর্জেন্টিনায় ব্যাপকভাবে প্রচার করা হবে—দুই দেশের জনগণের সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যেই এই উদ্যোগ।
বৈঠকে দুই দেশের ঐতিহাসিক সাংস্কৃতিক সম্পর্ক বিশেষভাবে উঠে আসে। রবীন্দ্রনাথ ঠাকুর ও ভিক্টোরিয়া ওকাম্পোর বন্ধুত্বকে স্মরণ করা হয়।
রাষ্ট্রদূত বলেন, আর্জেন্টিনায় রবীন্দ্রনাথ ঠাকুর সুপরিচিত হলেও বাংলাদেশের অন্যান্য সাহিত্য সম্পর্কে জানার আগ্রহ রয়েছে। তিনি বাংলা সাহিত্য ও লালনগীতি স্প্যানিশ ভাষায় অনুবাদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
মন্ত্রী জানান, লালন শাহের দর্শন ও বাউল ঐতিহ্যকে আর্জেন্টিনার ট্যাঙ্গো সংস্কৃতির সঙ্গে সংযোগ ঘটিয়ে একটি শক্তিশালী সাংস্কৃতিক সেতুবন্ধন গড়ে তোলা সম্ভব।
বৈঠকে চলচ্চিত্র, গণমাধ্যম ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। দুই দেশের শিল্পীদের অংশগ্রহণে যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের প্রস্তাবও উঠে আসে।
আর্জেন্টিনার রাষ্ট্রদূত বাংলাদেশের আতিথেয়তা ও ফুটবলপ্রেমের প্রশংসা করে বলেন, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, বুয়েনস আয়ার্সে ‘বাংলাদেশ’ নামে সড়ক নামকরণের মতো উদ্যোগ বাস্তবায়িত হলে তা দুই দেশের সম্পর্ককে প্রতীকী ও বাস্তব—দুই দিক থেকেই এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।
এ উদ্যোগ শুধু কূটনৈতিক সম্পর্কই নয়, বরং জনগণ থেকে জনগণের সংযোগকেও আরও শক্তিশালী করবে।