কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একটি বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ায় কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে কুড়িগ্রাম এক্সপ্রেস ও রমনা কমিউটার ট্রেনের চলাচল ব্যাহত হয়েছে। দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী।
বৃহস্পতিবার (১৮ জুন) ভোর থেকে সকাল সাড়ে ৬টার মধ্যে উপজেলার রাজারহাট-তিস্তা আঞ্চলিক সড়কের পেট্রোল পাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে রেললাইনের ওপর উল্টে পড়ে। এতে রেলপথ সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যায়। নিরাপত্তার স্বার্থে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
দুর্ঘটনার কারণে কুড়িগ্রাম এক্সপ্রেস নির্ধারিত সময়ে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছাতে পারেনি। রেললাইন বন্ধ থাকায় ঢাকাগামী অনেক যাত্রীকে বাস ও অটোরিকশাযোগে তিস্তা রেলওয়ে স্টেশনে যেতে দেখা যায়। আকস্মিক এ পরিস্থিতিতে অতিরিক্ত ভাড়া গুনে গন্তব্যে পৌঁছাতে হয়েছে তাদের।
ঢাকাগামী যাত্রী রুবেল মিয়া বলেন, যথাসময়ে কুড়িগ্রাম স্টেশনে এসে জানতে পারি কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রাম পর্যন্ত আসতে পারবে না। পরে বাধ্য হয়ে অটোরিকশাযোগে তিস্তা স্টেশনের উদ্দেশে রওনা দিই। আমার মতো শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।
রেল কর্তৃপক্ষ জানায়, কুড়িগ্রাম স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল কুড়িগ্রাম এক্সপ্রেসের। তবে দুর্ঘটনার কারণে ট্রেনটি কুড়িগ্রাম স্টেশনে পৌঁছাতে পারেনি। একই কারণে রমনা কমিউটার ট্রেনের চলাচলও ব্যাহত হয়েছে।
খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি অপসারণ এবং রেলপথ সচল করার কাজ শুরু করে। দ্রুততম সময়ের মধ্যে ট্রাকটি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের ইনচার্জ কনিকা বলেন, বালুভর্তি একটি ট্রাক রেললাইনের ওপর উল্টে পড়ায় লাইন ব্লক হয়ে গেছে। ট্রাকটি সরানোর কাজ চলছে। তবে ঠিক কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।
রেলওয়ে সূত্র জানায়, ট্রাকটি অপসারণ এবং রেললাইন নিরাপদ ঘোষণা করা হলে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কুড়িগ্রাম-তিস্তা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।