‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের সিংড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র্যালিতে শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
বক্তারা তামাকের বহুমুখী ক্ষতিকর প্রভাব তুলে ধরে বলেন, তামাক শুধু স্বাস্থ্যের জন্যই ক্ষতিকর নয়, এটি একটি পরিবারের অর্থনৈতিক বিপর্যয়েরও অন্যতম প্রধান কারণ। তারা তামাক ও ধূমপানের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভার শেষে বক্তারা সিংড়া উপজেলাকে তামাক ও ধূমপানমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণকে প্রচলিত আইন মেনে চলার আহ্বান জানান।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মিঠুন কুণ্ডু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবু রায়হান, কসমস (এনজিও)-এর নির্বাহী পরিচালক মেহনাজ পারভিন মালা, সিংড়া ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন মাস্টার, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. রেজাউল করিম, আইডিয়া প্রেসক্লাবের সভাপতি মো. আবুসাইদ খান, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম এবং সাংবাদিক সৌরভ সোহরাবসহ অন্যান্যরা।