জমে উঠেছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের আসর। গ্রুপপর্বে সব দল একটি করে ম্যাচ খেলেছে। এরই মধ্যে হট ফেভারিট আর্জেন্টিনাসহ জয় পেয়েছে ফ্রান্স, ইংল্যান্ড ও জার্মানির মতো দল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে।
এক নজরে দেখে নিন বিশ্বকাপের দলগুলোর পয়েন্ট তালিকা-
এ গ্রুপ:
‘এ গ্রুপ’ এ রয়েছে স্বাগতিক মেক্সিকো। নিজেদের প্রথম খেলায় জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। পয়েন্ট তালিকায় এখন পর্যন্ত শীর্ষে রয়েছে মেক্সিকো। ৩ পয়েন্ট নিয়ে মেক্সিকো শীর্ষে। তারপরেই রয়েছে ৩ পয়েন্ট নিয়ে থাকা দল দক্ষিণ কোরিয়া। তিন ও চার নম্বরে রয়েছে চেক প্রজাতন্ত্র ও সাউথ আফ্রিকা।
বি গ্রুপ:
এই গ্রুপে রয়েছে বিশ্বকাপের আরেক স্বাগতিক দল কানাডা। গ্রুপের প্রতিটি দল একটি করে ম্যাচ খেলেছে। এই গ্রুপের কোনো দলই এখন পর্যন্ত জয় পায়নি। পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড। দলটির পয়েন্ট ১। সমান পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে কানাডা। একই পয়েন্ট নিয়ে কাতার ও বসনিয়া-হার্জেগোভিনার অবস্থান যথাক্রমে তৃতীয় ও চতুর্থ।
সি গ্রুপ:
সি গ্রুপে রয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এছাড়া রয়েছে স্কটল্যান্ড, মরক্কো ও হাইতি। তবে বিশ্বকাপে ব্রাজিলের শুরুটা মোটেও ভালো হয়নি। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট টেবিলে তিনে থাকা ব্রাজিলের পয়েন্ট এখন ১। সমান পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে মরক্কো। আর ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্কটল্যান্ড। হাইতি কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি।
ডি গ্রুপ:
বিশ্বকাপের আরেক আয়োজক দেশ যুক্তরাষ্ট্র রয়েছে এই গ্রুপে। নিজেদের প্রথম ম্যাচে ৪-১ এক গোলে জয় পেয়ে দুর্দান্ত শুরু করেছে দেশটি। পয়েন্ট টেবিলেও তাই যুক্তরাষ্ট্রই শীর্ষে। দ্বিতীয় অবস্থানে আছে অস্ট্রেলিয়া। এই দলের পয়েন্টও ৩। তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছে তুরস্ক ও প্যারাগুয়ে। দল দুটি এখনও কোনো পয়েন্ট পায়নি।
ই গ্রুপ:
ই গ্রুপে শীর্ষে আছে জার্মানি। নিজেদের প্রথম ম্যাচে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট পেয়েছে দলটি। তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে আইভরি কোস্ট। দলটিরও ঝুলিতে আছে ৩ পয়েন্ট। জয় না পাওয়া ইকুয়েডর ও কুরাসাও রয়েছে পয়েন্ট তালিকার তৃতীয় ও চতুর্থ অবস্থানে।
এফ গ্রুপ:
এটি এবারের বিশ্বকাপের অন্যতম ডেথ গ্রুপ। এই গ্রুপে রয়েছে সুইডেন, জাপান, নেদারল্যান্ডস ও তিউনিশিয়া। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে সুইডেন। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে জাপান ও নেদারল্যান্ডস। দল দুটির পয়েন্ট ১ করে। আর তিউনিশিয়া পয়েন্টের খাতা খুলতে পারেনি।
জি গ্রুপ:
এই গ্রুপে শীর্ষে আছে নিউজিল্যান্ড। শক্তিশালী ইরানকে ঠেকিয়ে দিয়ে দলটি অর্জন করেছে ১ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ইরানের অবস্থান দ্বিতীয়। তালিকায় তৃতীয় ও চতুর্থ অবস্থানে থাকা বেলজিয়াম ও মিশরের পয়েন্টও ১ করে।
এইচ গ্রুপ:
বিশ্বকাপের আরেকটি ডেথ গ্রুপ হচ্ছে এটি। এই গ্রুপে রয়েছে উরুগুয়ে, সৌদি আরব, স্পেন ও কেপভার্দে। এরমধ্যে উরুগুয়ে ও স্পেন একাধিকবার বিশ্বকাপ ট্রফি হাতে নিয়েছে। তবে এখন পর্যন্ত একটি করে ম্যাচ খেলেও এই গ্রুপ থেকে কোনো দলই জয় পায়নি। চার দলই ড্র করেছে। পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে উরুগুয়ে। তারপর যথাক্রমে রয়েছে সৌদি আরব, স্পেন ও কেপভার্দে।
আই গ্রুপ:
এই গ্রুপ থেকে জয় পেয়েছে নরওয়ে ও ফ্রান্স। দল দুটি পূর্ণ ৩ পয়েন্ট করে পেলেও তালিকার শীর্ষে রয়েছ নরওয়ে। এই গ্রুপে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে সেনেগাল ও ইরাক। দুটি দলই বিশ্বকাপে এখন পর্যন্ত জয় বঞ্চিত আছে।
জে গ্রুপ:
বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে এই গ্রুপে। বিশ্বকাপে উড়ন্ত সূচনা করা আর্জেন্টিনা ৩ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে রয়েছে। অস্ট্রিয়া সমান পয়েন্ট নিয়ে আছে তালিকায় দ্বিতীয় অবস্থানে। জর্ডান ও আলজেরিয়া খুলতে পারেনি পয়েন্টের খাতা।
কে গ্রুপ:
দুর্দান্ত খেলে বিশ্বকাপ অভিষিক্ত উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়েছে কলম্বিয়া। ৩ পয়েন্ট নিয়ে দলটি এই গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। আর শক্তিশালী পর্তুগালকে ঠেকিয়ে দিয়ে পয়েন্ট ভাগাভাগি করেছে কঙ্গো। তালিকায় দল দুটির অবস্থান যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়। উজবেকিস্তানের অবস্থান চতুর্থ।
এল গ্রুপ:
প্রতিদ্বন্দ্বী ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে তালিকার শীর্ষ অবস্থানে রয়েছে ইংল্যান্ড। আর শেষ মুহূর্তের গোলে পানামাকে জয় বঞ্চিত করে তালিকায় দ্বিতীয় অবস্থান দখল করেছে ঘানা। ইংল্যান্ড ও ঘানার পয়েন্ট ৩ করে। পানামা ও ক্রোয়েশিয়া কোনো পয়েন্ট পায়নি।