জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো চারটি শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ১০৪ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ থেকে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের চারটি ব্যাচের স্নাতক পর্যায়ের ১০৪ জন কৃতী শিক্ষার্থী এ সম্মাননায় ভূষিত হয়েছেন।
বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২১ বছর পর প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড প্রদান একটি গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় উদ্যোগ। এই স্বীকৃতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে অনুপ্রেরণা যোগাবে এবং দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে উৎসাহিত করবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৬-২০১৭ থেকে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ পর্যন্ত চারটি ব্যাচের মোট ১০৪ জন শিক্ষার্থী এ সম্মাননা লাভ করেন। এর মধ্যে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ২৪ জন, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ২৫ জন, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ২৮ জন এবং ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ২৭ জন শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত হন।
শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনের মূল্যবান সময়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং নিজেদের দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বৈশ্বিক প্রতিযোগিতার যুগে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার গুরুত্বের ওপরও জোর দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন। তিনি বলেন, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের মাধ্যমে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের এই অর্জনের মর্যাদা রক্ষা করে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
উপাচার্য শিক্ষার্থীদের জন্য যৌক্তিক বৃত্তির ব্যবস্থা, আবাসন সংকট নিরসন এবং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণে সরকারের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষা ও গবেষণার পরিবেশ আরও সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, শিক্ষাসচিব আবদুল খালেক এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন। এছাড়া ডিনস অ্যাওয়ার্ড প্রদান কমিটির আহ্বায়ক অধ্যাপক পরিমল বালা স্বাগত বক্তব্য দেন এবং রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক, কর্মকর্তা, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।