আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সুবিধা ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড।
বুধবার (১৭ জুন) বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে পরীক্ষা সংক্রান্ত কন্ট্রোল রুম চালু, ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহার এবং কেন্দ্র প্রবেশের সময়সূচি নিয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়।
পরীক্ষা চলাকালীন যেকোনো তথ্য, সমস্যা বা জরুরি অভিযোগ গ্রহণের জন্য কন্ট্রোল রুম চালু করা হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টরা সরাসরি ফোন ও ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।
কন্ট্রোল রুমের ফোন নম্বর
০২-২২৩৩৬৯৮১৫
০১৫৫০৪১১২০৩
০১৭১৪৯৯৪০৭৩
০১৭৫৬১০৩১৫২
বোর্ড জানায়, পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ছাড়াও নির্ধারিত ৮টি সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। অনুমোদিত মডেলগুলো হলো, এফএক্স-৮২এমএস, এফএক্স-১০০এমএস, এফএক্স-৫৭০এমএস, এফএক্স-৯৯১এমএস, এফএক্স-৯৯১ইএস, এফএক্স-৯৯১ইএক্স, এফএক্স-৯৯১ইএস প্লাস এবং এফএক্স-৯৯১সিডাব্লিউ।
এছাড়া নন-প্রোগ্রামেবল কাঁটাযুক্ত হাতঘড়ি ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়েছে।
পরীক্ষার দিনে যানজট ও ভিড় এড়াতে পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রের ভেতরে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
তবে পরীক্ষার কক্ষে প্রবেশ সংক্রান্ত আগের সব নিয়ম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বোর্ড।
আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ।