শিক্ষার্থীদের বহুমাত্রিক মেধা বিকাশে সরকার নতুন নতুন উদ্যোগ গ্রহণ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, এসব উদ্যোগকে বাধাগ্রস্ত করা বা এর বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।
মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর মিরপুরে আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। যে শিক্ষার্থী সংগীতে দক্ষ, সে যেন বিদ্যালয় পর্যায় থেকেই উন্নত প্রশিক্ষণ পাওয়ার সুযোগ পায়। একইভাবে বিতর্ক, খেলাধুলা কিংবা অন্যান্য সৃজনশীল ক্ষেত্রে পারদর্শী শিক্ষার্থীরাও যেন আন্তর্জাতিক মানে নিজেদের প্রস্তুত করতে পারে—সে লক্ষ্যেই স্কুলভিত্তিক প্রতিভা বিকাশ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে গান, নৃত্য, আবৃত্তি, বিজ্ঞান, গণিত, বিতর্ক ও খেলাধুলাসহ বিভিন্ন সৃজনশীল কার্যক্রমে যুক্ত করার মাধ্যমে দক্ষ, সৃজনশীল ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪) মোহাম্মদ আতিকুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।