দেশের ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এই অভিনেতার জনপ্রিয়তা ভারতের পশ্চিমবঙ্গেও কম নয়। সম্প্রতি ভারতের কলকাতায় এ অভিনেতা ও তার স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁইয়ের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত লোকজন চড়াও হওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে।
অপ্রীতিকর ঘটনার গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে বিষয়টি নিয়ে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে সংশ্লিষ্টদের পক্ষ থেকে।
প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর মঙ্গলবার (১৬ জুন) এক ফেসবুক পোস্টে এমনটি জানিয়েছেন।
ওই পোস্টে দাবি করা হয়, সোমবার (১৫ জুন) রাত ১০টার দিকে কলকাতার নিউমার্কেট এলাকার কস্তুরী হোটেলের সামনে স্ত্রীকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন মোশাররফ করিম। এ সময় আওয়ামী লীগের কিছু লোক তাকে ‘লাল বদর’ বলে গালাগাল করতে থাকে এবং তার দিকে তেড়ে যায়। একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি এগিয়ে এসে মোশাররফ করিমকে নিরাপদে সরিয়ে দেন।
তবে এ বিষয়ে মোশাররফ করিম একটি গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে বলেন, সামাজিক মাধ্যমে যেভাবে ঘটনা ছড়িয়েছে বাস্তবে তেমন কিছু ঘটেনি। তিনি বলেন, ফেসবুকে নানা কথাই রঙ চড়িয়ে ছড়ানো হয়, কিন্তু সংবাদ হিসেবে লেখার মতো তেমন কিছু ঘটেনি। বলতে গেলে বড় কোনো ঘটনা হয়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত স্থানীয় কর্তৃপক্ষ বা অন্য কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
জানা গেছে, ব্যক্তিগত অবকাশ যাপনের উদ্দেশ্যে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন এই তারকা দম্পতি। আগামী কয়েক দিনের মধ্যেই তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।