জনবান্ধব বাজেট পেশ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল।
রবিবার (১৪ জুন) ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশের পর শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপনের নেতৃত্বে বাগআঁচড়া বাজারে এ শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলটি যশোর–সাতক্ষীরা মহাসড়কসহ বাগআঁচড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাগআঁচড়া জিরো পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে রাকিবুল হাসান রিপন বলেন, জনবান্ধব ও জনকল্যাণমুখী বাজেট দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই। এ বাজেটে ধনী–গরিব সব শ্রেণির মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।
শুভেচ্ছা মিছিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহদী হাসান, সদস্য আল উজায়ের সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি, বাগআঁচড়া আফিল উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আরিফ হোসেন গাজী, বাগআঁচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খাইরুল আলম, কায়বা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ মিলন, পলাশ, ইকরামুল, সুজন, মাসুম, তাজমুল প্রমুখ।