আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের হাসপাতালের লাইসেন্স বাতিল হওয়ায় শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ও ইন্টার্নশিপ প্রশিক্ষণ অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
এ সংক্রান্ত একটি চিঠি ইতোমধ্যে ইস্যু করা হয়েছে, যা রবিবার (১৪ জুন) কলেজ কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর কথা।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন জানান, হাসপাতালের লাইসেন্স বাতিল হলেও মেডিকেল কলেজটির শিক্ষা কার্যক্রম বন্ধ হচ্ছে না। তবে শিক্ষার্থীদের ব্যবহারিক প্রশিক্ষণ নিশ্চিত করতে তাদের অন্য হাসপাতালের সঙ্গে যুক্ত করতে হবে।
তিনি বলেন, মেডিকেল কলেজকে যেকোনো জেনারেল হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) করতে হবে। শিক্ষার্থীদের ওই হাসপাতালে নিয়মিতভাবে নিয়ে গিয়ে ক্লিনিক্যাল প্রশিক্ষণ দিতে হবে এবং আবার ফিরিয়ে আনতে হবে। আগামী তিন কর্মদিবসের মধ্যে কোন হাসপাতালের সঙ্গে তারা যুক্ত হবে, তা আমাদের জানাতে হবে।
বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২ অনুযায়ী, প্রতিটি বেসরকারি মেডিকেল কলেজের নিজস্ব হাসপাতাল থাকা বাধ্যতামূলক। পাশাপাশি এমবিবিএস কারিকুলাম অনুযায়ী, তৃতীয় বর্ষ থেকেই শিক্ষার্থীদের হাতে-কলমে হাসপাতাল প্রশিক্ষণ শুরু হয় এবং উত্তীর্ণদের এক বছরের ইন্টার্নশিপ সম্পন্ন করতে হয়।
এদিকে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল হওয়ায় কলেজটির শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, সাধারণত সরকারি বা বেসরকারি জেনারেল হাসপাতাল কিংবা মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে সংযুক্তির সুযোগ থাকলেও এবার প্রতিষ্ঠানটিকে শুধুমাত্র বেসরকারি হাসপাতালের সঙ্গেই চুক্তি করতে হবে বলে নির্দেশনা দেওয়া হচ্ছে।