বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক দিন আগে নতুন করে উদ্বেগে পড়েছে আর্জেন্টিনা শিবির। দলের প্রথম পছন্দের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ অনুশীলনের সময় হাতে ব্যথা অনুভব করায় তার ফিটনেস নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
সম্প্রতি মেডিক্যাল পরীক্ষায় ইতিবাচক ফল পাওয়ার পর গ্লাভস হাতে অনুশীলনে ফিরেছিলেন মার্তিনেজ। তবে অনুশীলনের দ্বিতীয় দিনেই তাকে অস্বস্তিতে পড়তে দেখা যায়। শুরুতে দুই হাতে গ্লাভস পরে স্বাভাবিকভাবেই অনুশীলন করলেও কিছু সময় পর ব্যথার কারণে কষ্ট পেতে দেখা যায় এই আর্জেন্টাইন গোলরক্ষককে।
পরিস্থিতি সামাল দিতে একপর্যায়ে গ্লাভস খুলে সতীর্থ গোলরক্ষকদের সঙ্গে ‘ফুট টেনিস’ খেলায় অংশ নেন তিনি। অন্য গোলরক্ষকদের হাতে গ্লাভস থাকলেও মার্তিনেজকে তখন খালি হাতেই দেখা যায়।
তবে অনুশীলন শেষে ড্রেসিংরুমে ফেরার সময় উপস্থিত সাংবাদিকদের আশ্বস্ত করেন তিনি। ‘থাম্বস আপ’ দেখিয়ে সবকিছু ঠিক আছে বলে জানান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই তারকা।
জানা গেছে, ক্লাব ফুটবলে অ্যাস্টন ভিলার হয়ে খেলার সময় ইউরোপা লিগের ফাইনালের আগে ওয়ার্ম-আপে ডান হাতের অনামিকা আঙুলে চোট পান মার্তিনেজ। আঙুলের হাড় ভেঙে যাওয়ার সেই চোট থেকেই এখনও পুরোপুরি সেরে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন তিনি।
অনুশীলনের শুরুতে দুই হাত দিয়েই বল ধরার চেষ্টা করছিলেন মার্তিনেজ, যা তার সুস্থতার ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পরই ব্যথা অনুভব করায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। চোট পাওয়া আঙুলে বিশেষ ব্যান্ডেজও দেখা গেছে।
উল্লেখ্য, আগামী ১৭ জুন কানসাস সিটির স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সকাল ৭টায়। তার আগে মার্তিনেজের শারীরিক অবস্থা নিয়ে নজর রাখছে আর্জেন্টিনা দলের মেডিক্যাল টিম।