অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ঐতিহাসিক জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে দুই কোটি টাকা বোনাস দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
শনিবার (১৩ জুন) সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
এর আগে বৃহস্পতিবার (১১ জুন) দ্বিতীয় ওয়ানডেতে ডিএল মেথডে ৫ উইকেটে অস্ট্রেলিয়াকে হারায় বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচটি ৯ ওভার কমিয়ে আনা হয়। ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৬ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ।
দলের হয়ে তাওহীদ হৃদয় ৫৫ বলে ৪০ রান করেন এবং মেহেদী হাসান মিরাজ অপরাজিত থাকেন ২২ রানে। প্রথম ওয়ানডেতে ৮৬ রানের বড় জয়ের পর দ্বিতীয় ম্যাচেও জয় পেয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ ২-০ ব্যবধানে নিশ্চিত করে বাংলাদেশ।
এটি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয়, যা দেশের ক্রিকেট ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
ম্যাচে বোলারদের পারফরম্যান্সও ছিল উল্লেখযোগ্য। স্পিন সহায়ক কন্ডিশনের পাশাপাশি পেসাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান মিলে ৬টি উইকেট নেন। এছাড়া তানভীর ইসলাম নেন ২টি উইকেট।
আগামী ১৪ জুন মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। ম্যাচটি জিতে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগাররা।
তৃতীয় ওয়ানডের জন্য ঘোষিত বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।