বিশ্বকাপের চলতি আসরে আজ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হচ্ছে মরক্কো। কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনালে পৌঁছানো মরক্কো এবার তাদের প্রথম ম্যাচেই শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামছে।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মরক্কোর তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমি জানিয়েছেন, শক্তিশালী প্রতিপক্ষকে সম্মান করলেও তারা কোনোভাবেই ভীত নয়।
হাকিমি বলেন, ‘ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল এবং তাদের স্কোয়াডে বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। তবে আমরা কাউকে ভয় পাই না। বিশ্বকাপে আমরা দেখিয়েছি, যেকোনো দলের বিপক্ষে সমানভাবে লড়াই করতে পারি। আমাদের লক্ষ্য শুধু ভালো খেলা নয়, আমরা ম্যাচ জিততে চাই।’
তিনি আরও বলেন, কাতার বিশ্বকাপে মরক্কোর সাফল্য দেশের ফুটবলে নতুন আত্মবিশ্বাস এনেছে। সেই ধারাবাহিকতা ধরে রেখে এবারও বড় কিছু করার লক্ষ্য নিয়েই দল মাঠে নামবে।
মরক্কান এই ডিফেন্ডার যোগ করেন, ‘সমর্থকরাই আমাদের দ্বাদশ খেলোয়াড়। তাদের সমর্থন আমাদের বাড়তি শক্তি দেয়। ব্রাজিলের বিপক্ষে আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব এবং সমর্থকদের জন্য স্মরণীয় একটি ম্যাচ উপহার দিতে চাই।’