খুলনার কয়রায় উৎসবমুখর পরিবেশে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (SEIP)-এর অধীন ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)’-এর আয়োজনে এবং কয়রা উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে এই ব্যতিক্রমী কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বিজ্ঞান মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা মোঃ আবুল কালাম আজাদ। কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাগবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির আলী।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা মোঃ আবুল কালাম আজাদ বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের প্রযুক্তিবান্ধব ও উদ্ভাবনী শিক্ষায় দক্ষ হয়ে উঠতে হবে। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মের মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও স্টার্টআপ আইডিয়াগুলো ভবিষ্যতে দেশের উন্নয়নে বড় অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী বলেন, শিক্ষার্থীদের সুপ্ত মেধা ও বিজ্ঞানমনস্কতা বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও জ্ঞান অর্জন ছাড়া বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয়। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কয়রা কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্লাহ, কয়রা আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউনুস আলী, কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, ঘুগরাকাটি ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সুজাউদ্দিন এবং কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন। এছাড়াও স্থানীয় সুধীজন ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট ও স্টার্টআপ আইডিয়া প্রদর্শন করেন। প্রতিযোগিতায় বড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় স্থান অর্জন করে কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে জাকারিয়া শিক্ষা নিকেতন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করে অতিথিবৃন্দ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।