বগুড়া প্রেস ক্লাবের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেন, বিএনপি সরকার সংবাদপত্রের অবাধ স্বাধীনতা নিশ্চিত করেছে। তবে এই স্বাধীনতার দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হবে।
শুক্রবার (১২ জুন) বেলা ১১টায় বগুড়া প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি প্রেসক্লাবের নবনির্মিত ভবন পরিদর্শন করেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন। সভায় সভাপতিত্ব করেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।
প্রতিমন্ত্রী বলেন, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ ও ওয়াসা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া আন্তর্জাতিক মানের একটি ফুটবল স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে। তিনি জানান, সারাদেশে সুষম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন করছে।
বগুড়া শহরের রেললাইন স্থানান্তর প্রসঙ্গে তিনি বলেন, রাণীরহাট থেকে বগুড়া শহর হয়ে গাবতলী পর্যন্ত মেট্রোরেল আদলে ট্রেন চলাচলের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি গাবতলীতে চার লেনের বাইপাস সড়ক নির্মাণ এবং বগুড়া-নওগাঁ ও মোকামতলা-জয়পুরহাট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় তিনি আরও জানান, বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের উন্নয়নের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।