গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, আগামী এক বছরের মধ্যে ঝিলমিল আবাসিক প্রকল্পে বরাদ্দপ্রাপ্তরা যাতে নিজ নিজ প্লটে বাড়ি নির্মাণ শুরু করতে পারেন—সে জন্য প্রয়োজনীয় সব ধরনের অবকাঠামো ও প্রশাসনিক ব্যবস্থা দ্রুত সম্পন্ন করা হবে।
বুধবার (১০ জুন) দুপুরে কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় নির্মাণাধীন স্কুল, হাসপাতাল ও থানা ভবনের কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিলতার কারণে প্রকল্পটিতে বাড়ি নির্মাণ শুরু করা সম্ভব হয়নি। তবে সরকার এখন এসব বাধা দূর করে দ্রুত উন্নয়নকাজ শেষ করার উদ্যোগ নিয়েছে। লক্ষ্য হলো পুরো এলাকাকে একটি পরিকল্পিত ও আধুনিক আবাসিক নগরীতে রূপান্তর করা।
তিনি আরও বলেন, অবকাঠামো উন্নয়ন শেষ হওয়ার পর প্লট মালিকদের জন্য বাড়ি নির্মাণের উপযোগী পরিবেশ পুরোপুরি নিশ্চিত করা হবে। একই সঙ্গে সড়কবাতি স্থাপন ও নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা বসানোর কাজ চলছে।
এ সময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজউক এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।