জুলাই গণ–অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে রায় যেকোনো দিন ঘোষণা হতে পারে।
বুধবার (১০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ মামলাটির রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর বিচারিক প্যানেল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম পরিচালিত হয়। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এই মামলার অন্য তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান। অভিযোগ অনুযায়ী, তাঁরা সবাই বর্তমানে পলাতক।
প্রসিকিউশনের দাবি, জুলাই গণ–অভ্যুত্থানের সময় কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যাসহ মোট তিনটি ঘটনায় তাঁরা জড়িত ছিলেন। তদন্ত প্রতিবেদনে তাঁদের আন্দোলন দমন ও হামলার নির্দেশদাতা এবং সরাসরি অংশগ্রহণকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।
এখন মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ অবস্থায় রয়েছে, এবং যেকোনো দিন রায় ঘোষণা হতে পারে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল সূত্র।