রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের কারণ দর্শানোর নোটিশের জবাবে সন্তুষ্ট নয় সরকার। এ ঘটনায় হাসপাতালটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
বুধবার (১০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের শোকজ নোটিশের জবাবে হাসপাতাল কর্তৃপক্ষ যে ব্যাখ্যা দিয়েছে, সেখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য অস্পষ্ট রয়ে গেছে। এ কারণে সরকারের কাছে ওই জবাব গ্রহণযোগ্য হয়নি।
স্বাস্থ্যমন্ত্রী জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। তদন্ত প্রতিবেদনের আলোকে হাসপাতালের বিরুদ্ধে কী ধরনের প্রশাসনিক বা আইনি ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।
গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতক কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যায়। এ ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হলে স্বাস্থ্য অধিদপ্তর একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত প্রতিবেদনে হাসপাতালের ব্যবস্থাপনায় একাধিক ত্রুটি, পরিবেশগত অব্যবস্থাপনা এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদের গাফিলতির অভিযোগ উঠে আসে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ওয়ার্ডটি নবজাতক ও অস্ত্রোপচার-পরবর্তী রোগীদের জন্য উপযুক্ত ছিল না। সেখানে পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা ছিল না এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও ছিল অপ্রতুল।
এছাড়া ঘটনার সময় ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না বলেও তদন্তে উঠে এসেছে। নবজাতকদের শারীরিক অবস্থার অবনতি হলেও সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা ও জরুরি সেবা নিশ্চিত করা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তদন্তে আরও বলা হয়েছে, জন্মের পর নবজাতকদের অবস্থা স্বাভাবিক ছিল এবং তাদের বিশেষ চিকিৎসা বা ইনকিউবেটরের প্রয়োজন ছিল না। তবে পরবর্তী সময়ে তাদের অবস্থার অবনতি ঘটলেও যথাযথ তদারকি ও চিকিৎসা ব্যবস্থাপনায় ঘাটতি ছিল।
ঘটনার পরিপ্রেক্ষিতে গত ৪ জুন স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয়। হাসপাতালের জবাব পর্যালোচনার পর এখন পরবর্তী পদক্ষেপ নির্ধারণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।