দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ৮৬ দিনে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৯ জনে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৯২ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশু ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
এ সময়ে (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে ৯৮০ জন নতুন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৯৩৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি ল্যাব পরীক্ষায় ৫৪ জনের হামে সংক্রমণ নিশ্চিত হয়েছে।
সব মিলিয়ে গত ৮৬ দিনে দেশে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৮৪ জনে। এদের মধ্যে ৬৬ হাজার ১৭০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮৩৩ জন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬২ হাজার ২৯২ জন রোগী।