রাজধানীর মৌচাকে রমনা থানার স্বেচ্ছাসেবকদলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা করেছে নিহতের স্ত্রী আম্বিয়া খাতুন। এ মামলায় ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ওসি মোহাম্মদ রাহাত খান।
তিনি বলেন, মৌচাক এলাকায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল তালুকদারকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় নিহতের স্ত্রী আম্বিয়া খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।
ওসি বলেন, এ ঘটনায় আমরা অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ইতোমধ্যে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। বাকি সন্দেহভাজনদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ দিকে নিহত বিল্লালের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
যোগাযোগ করা হলে মামলার বাদীর মোবাইল ফোনে স্বজন পরিচয়ে এক নারী জানান, পরিবারের সদস্যরা বিল্লালের মরদেহ নিয়ে নিজ গ্রামের বাড়ি যাচ্ছে। তারা এখন এ বিষয়ে কথা বলার মতো অবস্থায় নেই।