সীমান্তে অবৈধ ‘পুশ ইন’ বা জোরপূর্বক অনুপ্রবেশের ঘটনা নিয়ে আসন্ন বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়কে দেশের বিচারিক ইতিহাসে একটি ‘মাইলফলক’ হিসেবেও উল্লেখ করেছেন তিনি।
রবিবার (৭ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের রাজধানী নয়াদিল্লিতে সোমবার থেকে শুরু হতে যাওয়া চার দিনব্যাপী বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্ত পরিস্থিতি, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং অবৈধ পুশ ইনের বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হবে।
তিনি বলেন, সেখানে সব বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা কূটনৈতিক চ্যানেলে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এবং আমাদের সীমান্তরক্ষী বাহিনী সতর্ক রয়েছে।
মন্ত্রী জানান, সরকার সব ধরনের অবৈধ পুশ ইনের চেষ্টা প্রতিহত করতে প্রস্তুত। তবে এ ধরনের সমস্যার সমাধান প্রথমে কূটনৈতিক আলোচনার মাধ্যমেই হওয়া উচিত। সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে দুই দেশের মধ্যে নিয়মিত সংলাপ অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
জানা গেছে, বাংলাদেশে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠন এবং ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের দায়িত্ব গ্রহণের পর এটিই হবে এ ধরনের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক। বৈঠকে সীমান্তপারের অপরাধ, সীমান্তে সহিংসতা, কাঁটাতারের বেড়া নির্মাণ এবং নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ও আলোচনায় আসতে পারে।
একই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়কে বাংলাদেশের বিচারিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে অভিহিত করেন।
তিনি বলেন, সারা দেশে যে নৃশংস হত্যাকাণ্ড নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছিল, সেখানে জনপ্রত্যাশা অনুযায়ী অত্যন্ত অল্প সময়ের মধ্যে ডিএনএ পরীক্ষা, ময়নাতদন্ত প্রতিবেদন ও চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। বিচারকার্য পরিচালনায় আমরা সর্বোচ্চ সহযোগিতা করেছি। বিচার করেছে আদালত।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মামলাটির দ্রুত তদন্ত ও চার্জশিট দাখিলে ভূমিকা রাখা পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে। পাশাপাশি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে বহু মানুষের প্রাণ রক্ষায় অবদান রাখা পুলিশ সদস্যদেরও সম্মাননা দেওয়া হবে।
তিনি বলেন, পুলিশের ভালো কাজের স্বীকৃতি যেমন দেওয়া হবে, তেমনি ব্যর্থতার ক্ষেত্রেও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রায় অনুযায়ী ডেথ রেফারেন্স শুনানির জন্য মামলাটি হাইকোর্টে যাবে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হবে। তবে রামিসা হত্যা মামলার শুনানি অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করার বিষয়ে সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, সীমান্ত সুরক্ষা ও ব্যবস্থাপনা জোরদারে বছরে দুইবার বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থল ও নদীসীমান্তের মোট দৈর্ঘ্য ৪ হাজার ৯৬ কিলোমিটার।