প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আজ সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি দল ও সংসদীয় কার্যক্রম আরও গতিশীল করা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে।
শনিবার (৬ জুন) বিকেল সাড়ে ৩টায় সভা শুরু হয়ে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত চলে। সভা পরিচালনা করেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
সভায় দলীয় শৃঙ্খলা বজায় রাখা, উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা এবং আসন্ন সংসদ অধিবেশনে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে এমপিদের দিকনির্দেশনা দেওয়া হয়। এছাড়া নির্বাচনী এলাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও জনগণের সঙ্গে যোগাযোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত এমপিরা নিজ নিজ এলাকার পরিস্থিতি তুলে ধরেন এবং বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে মতামত দেন। প্রধানমন্ত্রী এমপিদের জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানান এবং দলীয় ঐক্য অটুট রাখার নির্দেশনা দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।
তিনি বলেন, সভায় স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারদলীয় সংসদ সদস্যদের এ সভায় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আলোচনায় অংশ নেন সরকারদলীয় মন্ত্রী ও সংসদ সদস্যরা। সভায় সমাপনী বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয় এবং ভবিষ্যতে নিয়মিত এ ধরনের বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা হয়।