মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের চোখে চোখ রেখে লড়াই করলেও প্রথমে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। ৪২ মিনিটে গোল হজম করে লাল-সবুজের শিষ্যরা। এরপর ঋতুপর্ণা চাকমার যাদু। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে দুর্দান্ত গোলে বাংলাদেশকে সমতায় ফেরান। তাতে প্রথমার্ধের খেলা শেষ হয়েছে ১-১ সমতায়।
গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শিরোপা মহারণে নেমেই প্রথম আক্রমণ করে বাংলাদেশ, যদিও কার্যকরী ছিল না তেমন। ষষ্ঠ মিনিটে বাংলাদেশের গোলমুখে প্রথম আক্রমণ করে ভারত। দশম মিনিটে আরও একটি সুযোগ পায় তারা, জটলা করেও বিপদ ঘটাতে পারেনি।
১২ মিনিটে ম্যাচের সবচেয়ে ভালো সুযোগ পান শামসুন্নাহার জুনিয়র এবং ১৪ মিনিটে তহুরা খাতুন আরও ভালো সুযোগ পেয়ে ভারতীয় গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেনি বাংলাদেশ। দুই মিনিটের মধ্যে এই দুটি ছিল বাংলাদেশের সুবর্ণ সুযোগ।
১৬ মিনিটে ভারত ডি বক্সের আগে জটলা তৈরি করলে গোলবার ছেড়ে বেরিয়ে আসেন গোলকিপার মিলি আক্তার। ভারতের লেফট উইং মনিষা জোরালো শট নিলে বারের সামান্য উপর দিয়ে বেরিয়ে যায়। এ যাত্রায় বেঁচে যায় বাংলাদেশ।
পরের ১০ মিনিট দুদলের খেলোয়াড়েরা কিছুটা এলোমেলো খেলতে থাকে। পানি পানের বিরতির পর ভারতের নেয়া একটি হেড বাংলাদেশের মাঝে একটু কাঁপুনি ধরায়। পরে আবারও মিলি বল ধরতে না পারলেও বিপদ হয়নি।
৩৮ মিনিটে ভারতের দারুণ সুযোগ ছিল ম্যাচে এগিয়ে যাওয়ার। তবে মিলি আক্তারের দুর্দান্ত সেভ এ যাত্রায় বেঁচে যায় বাংলাদেশ। পরের মিনিটে কাঙ্ক্ষিত সেই সুযোগ আসে ভারতের, ৪২ মিনিটে পাল্টা আক্রমণে গোল করেন পিয়ারি জাজা, ১-০ গোলে এগিয়ে যায় ভারত।