অনেক শঙ্কা ও চোটের উদ্বেগকে পেছনে ফেলে ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন নেইমার। তবে নতুন করে আবারও চোটে পড়ায় বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে তার মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবুও এই তারকা ফুটবলারের প্রতি সমর্থকদের প্রত্যাশা এখনো আকাশছোঁয়া।
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্বকাপ শিরোপার স্বাদ পায়নি ব্রাজিল। ভক্তদের আশা, নেইমারের নেতৃত্বে বা তার গুরুত্বপূর্ণ ভূমিকার মাধ্যমে সেলেসাওরা ফিরবে বিশ্বসেরার মঞ্চে এবং জিতবে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা।
তবে নিজের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী নেইমার মনে করেন, ফুটবল ইতিহাসে তার অবদান ইতোমধ্যেই স্থায়ী জায়গা করে নিয়েছে। তিনি বলেন, ব্রাজিল জাতীয় দলের পাশাপাশি ক্লাব ক্যারিয়ারেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
রেড বুল আল্টিমেট সকার চ্যালেঞ্জে অংশ নেওয়ার সময় এক সাক্ষাৎকারে নেইমার বলেন, তিনি বিশ্বাস করেন ফুটবলে তার ‘লিগ্যাসি’ ইতোমধ্যেই তৈরি হয়ে গেছে। তার ভাষায়, ফুটবলের ইতিহাস নিয়ে আলোচনা হলে মানুষ কোনো না কোনোভাবে তাকে মনে রাখবে। এই অর্জনকে তিনি নিজের জীবনের বড় সাফল্য হিসেবে দেখেন এবং ভবিষ্যতে সন্তান-নাতি-নাতনিদের সামনে দেশের জন্য তার অবদানের গল্প তুলে ধরতে চান।
নিজেকে কীভাবে স্মরণীয় রাখতে চান—এমন প্রশ্নের জবাবে নেইমার জানান, মাঠে তিনি সবসময় নিজের স্বাভাবিক ও সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করেছেন। সান্তোস, বার্সেলোনা, পিএসজি কিংবা আল হিলাল—সব ক্লাবেই তিনি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন। বিশেষ করে ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলাকেই তিনি নিজের সবচেয়ে বড় দায়িত্ব ও গর্ব হিসেবে উল্লেখ করেন।