চট্টগ্রাম সার্কিট হাউসের পাশে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর স্মৃতিবিজড়িত ‘জিয়া স্মৃতি কমপ্লেক্স’র আগের নাম পুনর্বহালের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
শুক্রবার (৫ জুন) দুপুরে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় জিয়া স্মৃতি কমপ্লেক্স (বর্তমানে স্বাধীনতা কমপ্লেক্স) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ফ্যাসিবাদের সময় রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে জিয়া স্মৃতি কমপ্লেক্সের নাম পরিবর্তন করে স্বাধীনতা কমপ্লেক্স করা হয়েছিল। বিষয়টি পর্যালোচনা করে আগের নাম পুনর্বহালের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছর পার হতে চলেছে, সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অতীতের ভূমিকা পর্যালোচনা করা উচিত। একইসঙ্গে তিনি দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
জাদুঘর ও স্মৃতি সংরক্ষণ প্রসঙ্গে মন্ত্রী জানান, সার্কিট হাউস এলাকায় সংরক্ষিত জিয়াউর রহমান-এর স্মৃতিবিজড়িত নিদর্শন ও মুক্তিযুদ্ধকালীন সংগ্রহ যাতে নষ্ট না হয়, সে লক্ষ্যে সংস্কার ও সংরক্ষণ কার্যক্রম চলছে। সংস্কার শেষে এসব ঐতিহাসিক নিদর্শন যথাযথভাবে সংরক্ষণ করা হবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, জাদুঘরের কিছু কক্ষ বর্তমানে সংস্কারাধীন থাকায় খালি রয়েছে, কাজ শেষ হলে সেখানে নতুনভাবে স্মৃতিচিহ্ন ও ঐতিহাসিক সামগ্রী প্রদর্শন করা হবে।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম জেলা প্রশাসকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।