জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-কে অভিনন্দন জানিয়েছে সরকারের মন্ত্রিসভা।
বৃহস্পতিবার (৪ জুন) রাতে সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অভিনন্দন জানানো হয়। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি।
এর আগে সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শুরু হয়। এতে মন্ত্রিসভার সদস্য ও সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
সভায় বলা হয়, জাতিসংঘে এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান মর্যাদা, কূটনৈতিক সক্ষমতা এবং বহুপাক্ষিক কূটনীতিতে আস্থার প্রতিফলন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২ জুন) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়ে ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। মোট ১৯০টি দেশের ভোটে তিনি পান ৯৯টি ভোট, আর সাইপ্রাসের আন্দ্রেয়াস এস. কাকোরিস পান ৯১টি ভোট।