বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর পল্লবীতে আয়োজিত এক র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও নগরবাসীর জন্য বাসযোগ্য শহর গড়ে তুলতে সরকার দীর্ঘমেয়াদি কর্মসূচি বাস্তবায়ন করছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে আয়োজিত এ কর্মসূচিতে তিনি জানান, দেশের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ২৫ কোটি গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, রাজধানীর খালগুলো দখলমুক্ত করে পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ চলছে। পাশাপাশি খালের দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে নগরবাসী সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশে চলাচল ও অবসর কাটাতে পারে।
র্যালিটি পল্লবীর ইস্টার্ন হাউজিং এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে মাজেদুল ইসলাম মডেল স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।