ঈদুল আজহা উপলক্ষে গত ২১ মে থেকে ২ জুন পর্যন্ত ১৩ দিনে দেশে মোট ২৯২টি সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত এবং ৮৩৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৪ জন নারী ও ৪৮ জন শিশু রয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।
প্রতিবেদনে বলা হয়, এ সময় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। ১৪১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১২৪ জন নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর প্রায় ৪৪ শতাংশ। এছাড়া ৩৭ জন পথচারী এবং ৩৩ জন যানবাহনের চালক ও সহকারী প্রাণ হারিয়েছেন।
সড়ক দুর্ঘটনার পাশাপাশি ১৩টি নৌপথ দুর্ঘটনায় ৮ জন এবং ২২টি রেলপথ দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন।
যানবাহনভিত্তিক হিসাবে নিহতদের মধ্যে মোটরসাইকেল আরোহী ১২৪ জন, বাসযাত্রী ২১ জন, ট্রাক ও পণ্যবাহী যানবাহনের আরোহী ৩২ জন, প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্সে ১১ জন, থ্রি-হুইলার যাত্রী ৪৮ জন এবং স্থানীয় যানবাহনের ৮ জন রয়েছেন।
বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে। এখানে ৯৫টি দুর্ঘটনায় ১০১ জন নিহত হন। সবচেয়ে কম মৃত্যু হয়েছে সিলেট বিভাগে-৯টি দুর্ঘটনায় ৭ জন নিহত।
জেলাভিত্তিক হিসাবে ফরিদপুরে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে, যেখানে ১৯টি দুর্ঘটনায় ২৮ জন নিহত হন।
প্রতিবেদনটি ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে বলে জানায় সংগঠনটি।
বিশেষজ্ঞদের মতে, ঈদকেন্দ্রিক যাতায়াতে অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং ট্রাফিক আইন অমান্য করার কারণে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি উদ্বেগজনকভাবে বেড়েছে।