বিমানবন্দরে দেশে ফেরা হাজিদের লাগেজ থেকে ১৫০টি ব্যাগ কেটে মালামাল চুরির অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, অভিযোগ পাওয়ার পরপরই বিমানবন্দরের সিসিটিভি ও বডি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়। এতে কোনো ধরনের চুরি বা মিসহ্যান্ডলিংয়ের প্রমাণ মেলেনি।
তিনি বলেন, মোট ৮৩৬টি লাগেজের মধ্যে ২১টি ব্যাগ আংশিক ছেঁড়া অবস্থায় পাওয়া গেলেও তা ইচ্ছাকৃত চুরি বা অনিয়মের কারণে হয়েছে-এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রতিমন্ত্রী আরও জানান, লাগেজে জমজমের পানি, সিল না করা তরল সামগ্রী বা নিয়মবহির্ভূত বস্তু থাকলে নিরাপত্তা বিধি অনুযায়ী তা খুলে দেখা বা জব্দ করা হতে পারে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ঘোষণা ছাড়া নগদ অর্থ বুকিং লাগেজে বহনও নিষিদ্ধ।
তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য বিভ্রান্তিকর এবং এতে জনমনে ভুল ধারণা তৈরি হয়েছে। সরকার দ্রুত তদন্ত করে সঠিক তথ্য প্রকাশ করেছে বলেও তিনি উল্লেখ করেন।