দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল থেকেই সূর্যের তাপ বাড়তে থাকায় ভ্যাপসা গরমে ঘরবাড়ি ও বাইরে—সব জায়গাতেই অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে দিনমজুর ও মাঠপর্যায়ে কাজ করা শ্রমজীবী মানুষের দুর্ভোগ আরও বেশি বেড়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার (৩ জুন) ঢাকাসহ দেশের অন্তত ৪৫টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, বর্তমানে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ চলছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও নোয়াখালী জেলাতেও তাপপ্রবাহের প্রভাব রয়েছে।
তিনি আরও জানান, আগামীকাল কিছু এলাকায় তাপপ্রবাহের বিস্তার কিছুটা কমতে পারে, তবে পুরোপুরি স্বস্তি মিলতে আরও সময় লাগবে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তাৎক্ষণিকভাবে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা নেই।
এদিকে জুন মাসের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এ মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে একাধিক লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে।
সাধারণত জুন মাসে দেশে গড় বৃষ্টিপাত থাকে প্রায় ৪৫৯ মিলিমিটার, যা বছরের দ্বিতীয় সর্বোচ্চ। তবে চলতি মৌসুমে আবহাওয়ার তারতম্যের কারণে তাপপ্রবাহ ও বৃষ্টিপাতের ভারসাম্যে পরিবর্তন দেখা যাচ্ছে।