দেশে চলতি জুন মাসে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি এবং বেশি তাপমাত্রা বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে ২ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ (হিটওয়েভ) হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, জুন মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের চেয়ে কম বৃষ্টি হতে পারে। পাশাপাশি তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে, ফলে গরমের তীব্রতা বৃদ্ধি পেতে পারে।
অন্যদিকে, চলতি মাসে একাধিক লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এর মধ্যে একটি লঘুচাপ মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশে সাধারণত জুনের মাঝামাঝি সময়ে বর্ষা ঋতুর প্রথম মাস আষাঢ় শুরু হয়। এ মাসে গড় বৃষ্টিপাত থাকে প্রায় ৪৫৯ মিলিমিটার। এরপর জুলাই মাসে সবচেয়ে বেশি বৃষ্টি হয়, গড়ে ৫২৩ মিলিমিটার। তবে এবার জুন মাসেই বৃষ্টির ঘাটতির ইঙ্গিত মিলেছে।
এদিকে, গত এপ্রিল ও মে মাসে দেশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে। বিশেষ করে এপ্রিল মাসে স্বাভাবিকের চেয়ে ৭৫ শতাংশের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যার ফলে হাওর অঞ্চলের বিস্তীর্ণ এলাকার ফসল ক্ষতিগ্রস্ত হয়।
আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টি ও তাপমাত্রার এই ওঠানামা কৃষি উৎপাদন এবং জনজীবনে প্রভাব ফেলতে পারে।