বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলগেট চত্বরে রেলওয়ের বাণিজ্যিক ও কৃষি খাতের লাইসেন্সকৃত ভূমির ভাড়া অস্বাভাবিক হারে বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০টায় রেলওয়ে ভূমিতে অবস্থানরত ব্যবসায়ীদের উদ্যোগে সান্তাহার রেলগেট চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। প্রতি বর্গফুটের জন্য ১১৫ টাকা হারে ভাড়া পরিশোধ করতে গিয়ে লাইসেন্সগ্রহীতারা চরম আর্থিক সংকটে পড়েছেন। তারা গত বছরের অতিরিক্ত ৩৫ টাকা আদায়ের সিদ্ধান্ত বাতিল এবং ভাড়া পুনর্নির্ধারণের দাবি জানান।
বক্তারা আরও বলেন, জেলা শহর ও একটি ছোট পৌর শহরের ব্যবসা-বাণিজ্যের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। অথচ রেলওয়ে কর্তৃপক্ষ জেলা শহর ও পৌর শহরের জন্য একই হারে ভাড়া নির্ধারণ করেছে, যা বৈষম্যমূলক এবং অযৌক্তিক। তারা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগের ভারপ্রাপ্ত কানুনগো (আমিন) আমিনুল ইসলাম বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। গত বছর যারা ৪৫ টাকা হারে ভাড়া পরিশোধ করেছেন, তাদের চলতি বছরে বকেয়া ৩৫ টাকাসহ মোট ১১৫ টাকা হারে ভাড়া পরিশোধ করতে হবে।
রেলওয়ে ভূমিতে অবস্থানরত ব্যবসায়ী শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন ব্যবসায়ী শাহিদুর রহমান বাবু, পল্লী চিকিৎসক আমজাদ হোসেন, রফিকুল ইসলাম, মতিউর রহমান মতি ও গুলবর রহমানসহ স্থানীয় ব্যবসায়ী নেতারা।