পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিমের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৭ মে) সন্ধ্যায় দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, কোরবানি শুধু পশু জবাইয়ের আনুষ্ঠানিকতা নয়, বরং মানুষের ভেতরের লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ ও পশুত্বকে পরাভূত করার শিক্ষা।
প্রধানমন্ত্রী বলেন, তাকওয়া, আত্মশুদ্ধি ও আল্লাহর প্রতি আত্মসমর্পণের মহিমান্বিত বার্তা নিয়েই প্রতি বছর পবিত্র ঈদুল আজহা আসে। এই উৎসব আমাদের ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে এবং সত্য ও সুন্দরের পথে পরিচালিত করবে—এটাই হোক কোরবানির মূল শিক্ষা।
তিনি দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে ঈদের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য হয়েছে, তাদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোরবানির মাংস অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেও রয়েছে ইসলামের মানবিক শিক্ষা।
এছাড়া কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ এবং পশুর বর্জ্য দ্রুত পরিষ্কারে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি। প্রয়োজনে সাধারণ মানুষকেও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়ার অনুরোধ জানান প্রধানমন্ত্রী।
ভিডিও বার্তার শেষাংশে প্রধানমন্ত্রী দেশের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন। একইসঙ্গে বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠার প্রার্থনাও জানান তিনি।