সকালের বৃষ্টির পর রাজধানীর ঐতিহ্যবাহী গাবতলী হাটে ভোগান্তি শুরু হয়। হাটে জায়গা না পেয়ে বিক্রেতারা গরু নিয়ে রাস্তায় উঠে আসেন। এতে গাবতলী বেড়িবাঁধ সড়কের প্রায় দেড় কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বাধ্য হয়ে অনেক গাড়িচালক সড়কেই যানবাহন থামিয়ে বসে থাকেন।
মঙ্গলবার (২৬ মে) দুপুর পৌনে ৩টার দিকে সরেজমিনে দেখা যায়, বেড়িবাঁধ সড়কে বিভিন্ন যানবাহনের চালক ও হেলপাররা গাড়ি থামিয়ে অপেক্ষা করছেন। দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও ঘরমুখো মানুষ। অনেকে বাধ্য হয়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দেন।
বেড়িবাঁধ সড়কে তিন ঘণ্টা ধরে আটকে থাকা পিকআপচালক সিরাজ বলেন, অনেকক্ষণ ধরে বসে আছি। তিন ঘণ্টাতেও এগোতে পারিনি। দেড় ঘণ্টা ধরে এক জায়গায় দাঁড়িয়ে আছি।
বাংলা মোটর থেকে পিকআপ নিয়ে আসা চালক আলাউদ্দিন বলেন, তিন ঘণ্টা ধরে আটকে আছি। সামনে এগোতে পারছি না।
এদিকে ঈদ সামনে রেখে বাড়ি ফেরা মানুষের চাপও বেড়েছে গাবতলীতে। গাড়ি না পেয়ে অনেক যাত্রীকে সড়কের পাশে অপেক্ষা করতে দেখা গেছে। পাশাপাশি ঢাকা প্রবেশমুখেও তীব্র যানজট তৈরি হয়েছে। রাজধানীতে প্রবেশের সড়কে পশুবাহী যানবাহনের চাপও চোখে পড়েছে।
অন্যদিকে, গাবতলী হাটে এখনও গরুবাহী ট্রাক ও পিকআপ ঢুকছে। হাটের মূল অংশে জায়গা সংকট থাকায় অনেক বেপারী রাস্তাতেই গরু নিয়ে অবস্থান করছেন।