পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে উত্তরাঞ্চলমুখী ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সড়কপথ যমুনা বহুমুখী সেতু এলাকায়।
ঈদযাত্রা ঘিরে যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় গত ২৪ ঘণ্টায় সেতু পার হয়েছে প্রায় ৪০ হাজার যানবাহন। এসময় টোল আদায় হয়েছে ৩ কোটি ২৫ লাখ টাকার বেশি।
সোমবার (২৫ মে) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার রাত ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে মোট ৩৯ হাজার ৯১৯টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ২৫ লাখ ১৫ হাজার ৬৫০ টাকা।
তথ্য অনুযায়ী, সেতুর পূর্ব প্রান্ত দিয়ে উত্তরাঞ্চলগামী ২২ হাজার ১১২টি যানবাহন পারাপার হয়েছে। এ খাত থেকে আদায় হয়েছে ১ কোটি ৬২ লাখ ৩৫ হাজার ২৫০ টাকা। অন্যদিকে পশ্চিম প্রান্ত দিয়ে ঢাকামুখী ১৭ হাজার ৮০৭টি যানবাহন চলাচল করেছে। সেখান থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬২ লাখ ৮০ হাজার ৪০০ টাকা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদের ছুটি শুরুর আগেই গত শুক্রবার বিকেল থেকে সেতু এলাকায় যানবাহনের চাপ বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে যমুনা সেতুর উভয় প্রান্তে নিয়মিত ১৪টি টোল বুথের পাশাপাশি অতিরিক্ত আরও ৪টি বুথ চালু করা হয়েছে।
এদিকে যানবাহনের চাপ বাড়লেও এখন পর্যন্ত সেতু এলাকায় বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ, হাইওয়ে পুলিশ ও সেতু কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সেতু এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে যানজট এড়াতে টোলপ্লাজা ও সংযোগ সড়কে বিশেষ ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।