কমপ্লিট শাটডাউনের মধ্যেই ডুয়েটে ঢুকলেন নতুন ভিসি

অনলাইন ডেস্ক

জাতীয়

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-ডুয়েট শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউনের’ মধ্যে প্রথমবার ক্যাম্পাসে প্রবেশ করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল। এ সময়

2026-05-21T20:13:25+00:00
2026-05-21T20:13:25+00:00
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ৫ জুলাই ২০২৬
জাতীয়
কমপ্লিট শাটডাউনের মধ্যেই ডুয়েটে ঢুকলেন নতুন ভিসি
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৮:১৩ পিএম 
শিক্ষকদের একাংশ ও কর্মচারীদের সঙ্গে নিয়োগ পাওয়ার আট দিনের মাথায় ক্যাম্পাসে যান ভিসি
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-ডুয়েট শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউনের’ মধ্যে প্রথমবার ক্যাম্পাসে প্রবেশ করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও কিছু শিক্ষার্থী নবনিযুক্ত উপাচার্যকে স্বাগত জানিয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর আড়াইটার দিকে কোনো বাধা ছাড়াই উপাচার্য ক্যাম্পাসে প্রবেশ করে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন বলে জানিয়েছেন ডুয়েটের পরিচালক (ছাত্রকল্যাণ) উৎপল কুমার দাস।

তিনি বলেন, সকালে চলমান পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সবার অনুরোধে ক্যাম্পাসে প্রবেশ করেন উপাচার্য।

১৪ মে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর থেকেই শিক্ষার্থীদের একটি অংশ ডুয়েটের বাইরের কোনও শিক্ষককে উপাচার্য নিয়োগের বিরোধিতা করে আন্দোলনে নামে।

এর মধ্যে রবিবার উপাচার্য নিয়োগের পক্ষে ও বিপক্ষে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

আন্দোলনকারীদের দাবি, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার একাডেমিক ও প্রশাসনিক বাস্তবতা সম্পর্কে অভ্যন্তরীণ শিক্ষকদের অভিজ্ঞতা বেশি। তাই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ দেওয়া উচিত। আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীদের একটি অংশ ক্যাম্পাস ‘ব্লকেড ও শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে নতুন উপাচার্য ক্যাম্পাসের বাইরে থেকে অনলাইনে নতুন সহকর্মীদের সঙ্গে বৈঠক করে যাচ্ছিলেন।

সবশেষ বৃহস্পতিবার ক্যাম্পাসে প্রবেশের আগেও সকালে গাজীপুর পুলিশ কমিশনার কার্যালয়ে বসে উপাচার্য বৈঠক করেছেন বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ডুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণার পর সাধারণ শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। বুধবার শিক্ষার্থীরা হল ত্যাগ করে বাড়ি চলে যান।

এদিন বেলা আড়াইটার দিকে ফাঁকা ক্যাম্পাসে ঢুকে উপাচার্য তার নিজ দপ্তরে অফিস করেন। এ সময় কিছু শিক্ষক ও কর্মচারী তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

দুই দিন আগে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল বলেছিলেন, “আমি নিয়মিত দায়িত্ব পালন করছি। কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের বেতন-বোনাসসহ বকেয়া পরিশোধ করা হয়েছে। এ ছাড়া আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থাও নিতে বলা হয়েছে।”


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: