ঝিলমিল আবাসিক প্রকল্পকে দ্রুত বাসযোগ্য করে তুলতে প্রকল্প এলাকা পরিদর্শন করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
মঙ্গলবার (১৯ মে) পরিচালিত এ পরিদর্শন দলের নেতৃত্ব দেন রাজউকের পরিচালক (এস্টেট ও ভূমি-১) ডা. মোহাম্মদ শাহাদাত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন পরিচালক (প্রশাসন) শীলাব্রত কর্মকার, উপ-পরিচালক মাহবুবুর রহমান, আতিকুর রহমান, সহকারী প্রকৌশলী সৈয়দ আনোয়ার জাহিদ, মর্জিনা বেগম এবং কানুনগো নিপু মনি চাকমাসহ প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শনের সময় কর্মকর্তারা প্রকল্প এলাকার সার্বিক অবস্থা ঘুরে দেখেন এবং চলমান উন্নয়নকাজের অগ্রগতি পর্যালোচনা করেন। বিশেষ করে সড়ক, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সুবিধা উন্নয়নের অগ্রগতি নিয়ে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
যেসব বরাদ্দগ্রহীতা প্লট পেয়েও এখনো ভবন নির্মাণ শুরু করেননি, তাদের দ্রুত নির্মাণকাজ শুরু করতে তাগাদাপত্র দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
রাজউক সূত্র জানায়, সরকারের বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত পরিকল্পনার আওতায় পূর্বাচল আবাসিক প্রকল্প ও ঝিলমিল আবাসিক প্রকল্প-কে দ্রুত বসবাসযোগ্য করতে নিয়মিত এ ধরনের পরিদর্শন পরিচালনা করা হচ্ছে।
কর্মকর্তারা জানান, প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুত শেষ করে প্লট ও ফ্ল্যাট মালিকদের কাছে হস্তান্তরের পাশাপাশি এলাকাটিকে আধুনিক ও পরিবেশবান্ধব উপশহর হিসেবে গড়ে তুলতে রাজউক বদ্ধপরিকর।
প্রকল্প এলাকায় ইতোমধ্যে পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে দুটি বৈদ্যুতিক উপকেন্দ্র নির্মাণ করা হয়েছে এবং গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ দেওয়া শুরু হয়েছে।
এ ছাড়া ঢাকা ওয়াসা দুটি গভীর নলকূপ স্থাপন করেছে এবং প্রায় ৪০ কিলোমিটার পানি সরবরাহ নেটওয়ার্কের কাজ সম্পন্ন হয়েছে।
রাজউক আরও জানায়, প্রকল্প এলাকায় প্রায় ২২ কিলোমিটার সড়ক ও ১৮ কিলোমিটার সারফেস ড্রেন নির্মাণ শেষ হয়েছে। পাশাপাশি গণপূর্ত বিভাগের অধীনে থানা ভবনের নির্মাণকাজ চলমান রয়েছে। এছাড়া ৬ তলা রাজউক স্কুল অ্যান্ড কলেজ এবং ৪ তলা মসজিদের অবকাঠামো নির্মাণকাজও সম্পন্ন হয়েছে।