সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নে দুঃস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দ ভিজিএফের চাল বিতরণে দুর্গন্ধযুক্ত ও নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (১৮ মে) সকালে ইউনিয়ন পরিষদে চাল বিতরণের সময় ভুক্তভোগীরা এ অভিযোগ করেন।
সরেজমিনে দেখা যায়, ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ভিজিএফের চাল বিতরণ চলাকালে বেশ কয়েকটি বস্তার চাল থেকে দুর্গন্ধ বের হয়। এ সময় বস্তা খুলে দেখা যায়, চাল গুলো পচা দুর্গন্ধযুক্ত যা সম্পুর্ন খাওয়ার অনুপযোগী। এ সময় ভুক্তভোগীরা পচা চাল নিতে অস্বীকার করলে অভয়ের মাঝে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়।
চাল বিতরণ কাজে সহায়তাকারী ও স্থানীয় বাঁকাই গ্রামের বাসিন্দা মো. মাসুদ রানা বলেন, বিতরণের জন্য রাখা চালের ভিতর অন্তত দশ বস্তা চাল পচা ছিল।
একই এলাকার মুক্তার হোসেন বলেন, চাল থেকে দুর্গন্ধ বের হচ্ছে। সরকার ভালো মানের চাল দিলেও কেন নিম্নমানের চাল বিতরণ করা হচ্ছে, বুঝতে পারছি না।
ধামাইনগর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, কয়েক বস্তা পচা চালের বিষয়টি জেনেছি। সেগুলো আলাদা করে রাখা হয়েছে, যাতে বিতরণ না করা হয়।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রোজিন পলাশ বলেন, গুদাম থেকে যে চাল দেওয়া হয়েছে, সেই চালেই বিতরণ করা হচ্ছে। তবে পচা বা দুর্গন্ধযুক্ত চালের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
এ বিষয়ে চান্দাইকোনা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তন্ময় বিশ্বাসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সিরাজুল ইসলাম বলেন, গুদাম থেকে ভালো মানের চাল সরবরাহ করা হয়েছে। পরিবহন বা সংরক্ষণের কারণে সমস্যা হয়ে থাকতে পারে। পচা চাল আলাদা করে রাখতে বলা হয়েছে। পরে তা পরিবর্তন করা হবে।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল খালেক পাটোয়ারী বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।